২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বার্থপর বিবিসির চেয়ে এমএসএন ভালো’

রোনালদো-বেল-বেনজেমা না মেসি-সুয়ারেস-নেইমার ত্রয়ী সেরা? চিলির কোচ হোর্হে সামপাওলি কিন্তু বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকাকে এগিয়ে রাখছেন। এমনকি রিয়াল মাদ্রিদের আক্রমণ ত্রয়ীকে ‘স্বার্থপর’ বলেও সমালোচনা করেন তিনি!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 12:51 AM

Updated : 12 Apr 2022, 01:15 AM

চলতি মৌসুমে এরই মধ্যে মেসি-সুয়ারেস-নেইমার মিলে বার্সেলোনাকে ৬৭ গোল এনে দিয়েছেন। অন্য দিকে রোনালদো-বেল-বেনজামা ত্রয়ীর অবদান ৬০ গোল।

তবে গোলের হিসেবে না বার্সেলোনা ত্রয়ীকে এগিয়ে রাখার কারণ হিসেবে তিন তারকার মধ্যকার সুসম্পর্কের কথা উল্লেখ করেন সামপাওলি। এ নিয়ে মজাও করলেন চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ।

“অবশ্যই ফিফার হস্তক্ষেপ করা উচিৎ। লিও, নেইমার এবং সুয়ারেসের মধ্যে যে বন্ধুত্ব, সেটা ফুটবলের জন্য সবচেয়ে বাজে ব্যাপার।”

“লিও একাই ম্যাচ জিততে পারে। যদি এর সঙ্গে সে সুয়ারেস ও নেইমারকে মেলে ধরার সুযোগ দেয়, তাহলে সেটা অমূল্য।”

‘বিবিসি’ নামে পরিচিত রিয়াল মাদ্রিদের আক্রমন ত্রয়ীর খেলা ব্যক্তিনির্ভর বলে মনে করেন সামপাওলি।

“বার্সেলোনার সঙ্গে মাদ্রিদের পার্থক্যটা হল, বেল, রোনালদো ও বেনজেমা একে অন্যের উন্নতিতে কাজে আসে না।”

“যদি রোনালদো একটা মুভ শুরু করে, তবে সেটা তাকে দিয়েই শেষ হয়। বেলও একই কাজ করে। বেনজেমা কোনো সুযোগ পেলে কাজে লাগায় কিন্তু কোনো সুযোগ তৈরি করে না।”