২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের কৃতিত্ব মেসি-মুনিরের

বিতর্ক আর উত্তেজনাকে পাশে সরিয়ে এসপানিওলের মাঠে ভালো ফুটবল উপহার দেওয়ায় শিষ্যদের উপর সন্তুষ্ট লুইস এনরিকে। তবে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে জয়ের কৃতিত্ব আলাদা করে লিওনেল মেসি আর মুনির এল হাদ্দাদিকে দিয়েছেন বার্সেলোনা কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 03:46 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

পুরনো খবর:

সহজ জয়ে শেষ আটে বার্সেলোনা

কোপা দেল রের শেষ ষোলোর দ্বিতীয় লেগে গত বুধবার ২-০ গোলের জেতে বার্সেলোনা। কাম্প নউতে প্রথম পর্বের ম্যাচে ৪-১ গোলে জিতেছিল এনরিকের দল। দুই পর্ব মিলিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ৬-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।
 
গত ৬ জানুয়ারি প্রথম পর্বের ম্যাচে এসপানিওলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। আর ম্যাচ শেষে টানেলে তাদেরকে উত্ত্যক্ত করার অপরাধে বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেস দুই ম্যাচ নিষিদ্ধ হন।
 
দ্বিতীয় পর্বের ম্যাচের আগে এনরিকে শিষ্যদের এসব ভুলে নিজেদের খেলাটা খেলতে উপদেশ দিয়েছিলেন। মেসিরা তার কথা রাখায় খুশি বার্সেলোনা কোচ। 
 
“এই ম্যাচে আমাদের সিরিয়াস হওয়ার প্রয়োজন ছিল।…আমরা এটাই করেছি।”
 

নিষেধাজ্ঞার কারণে সুয়ারেস ম্যাচে ছিলেন না। নেইমারকেও বিশ্রাম দিয়ে আক্রমণভাগে মেসির সঙ্গে মুনিরকে খেলান এনরিকে। জোড়া গোল করে কোচের আস্থার প্রতিদান দেন মুনির। মুনিরের প্রথম গোলটা বানিয়ে দেওয়া ছাড়াও ম্যাচে ভালো খেলেন সম্প্রতি পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসি। ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসান এনরিকে।  মেসিকে নিয়ে এনরিকে বলেন, “সত্যি সে দারুণ খেলছে। তার ফিটনেস সব সময়ই ভালো, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চোটের কারণে দলের বাইরে থাকার সময় সে অনেক বিশ্রাম পেয়েছে। এখন সে যত সময় খেলবে তত ভালো।” তরুণ মুনির গোল পাওয়ায় সন্তুষ্ট এনরিকে, “সে এমন একজন খেলোয়াড়, যে জানে কিভাবে গোল করতে হয়। যদিও তার আরও উন্নতি করার আছে, তার অনেক গুণও আছে। এই দুটি গোল তার উন্নতিতে কাজে আসবে।”