সেমির স্বপ্ন যুবাদের চোখে
পথটা কঠিন হলেও স্বপ্ন দেখার সাহস হারাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। মালেদ্বীপকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি-ফাইনালে ওঠার স্বপ্নটা তাই ভালোভাবেই দেখছে সিফাত-রুবেলরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার বিকাল তিনটায় ‘বি’ গ্রুপের নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগের দিন ম্যাচ জয়ের লক্ষ্য জানান বাংলাদেশ যুব দলের সহকারী কোচ গোলাম জিলানী।
কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে গোল্ড কাপ শুরু করে মালদ্বীপ। অন্য দিকে এগিয়ে গিয়েও বাহরাইনের যুবাদের সঙ্গে ড্র করে সিফাতরা। তবে প্রতিপক্ষকে সমীহ করেই হারিয়ে লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দলের মধ্যে আছে বলেই জানান জিলানী।
“সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা পাঁচ ফুটবলার আছে মালদ্বীপের এই দলে। তারা সাফে বাংলাদেশকে হারিয়েছিল। আমরা কাউকে ছোট করে দেখছি না; ম্যাচটা তাই আমাদের জন্য সহজ হবে না। তবে বাহরাইনের বিপক্ষে ম্যাচের মতো যদি ছেলেরা এ ম্যাচেও পারফরম করতে পারে, তাহলে জেতা সম্ভব।”
অধিনায়ক রেজাউল করিম সেমি-ফাইনালের পথে এগিয়ে যাওয়ার স্বপ্নটা দেখছেন। স্বপ্ন পূরণে সতীর্থদের কাছে সেরাটা চাইছেন এই ডিফেন্ডার।
“সেমি-ফাইনালে খেলতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সবাই নিজেদের সেরাটা উজাড় করে দিলে জেতা অসম্ভব কিছু না।”
যুবাদের চাওয়া পূরণের কাজটা একটু কঠিন হয়ে যাচ্ছে রুবেল মিয়ার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায়। বাহরাইনের বিপক্ষে আলো ছড়িয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা এই মিডফিল্ডার ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। মালদ্বীপ ম্যাচে তার খেলার নিশ্চয়তা দিতে পারছেন না জিলানী।
আগামী ফেব্রুয়ারি ভারতে হতে যাওয়া দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) প্রস্তুতি শানিয়ে নিতে অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গোল্ড কাপ মিশনে এসেছে মালদ্বীপ। স্বাগতিকদের সমীহ করে জয়রথে থাকার প্রত্যয় জানিয়েছেন অতিথি দলের কোচ রিকি হার্বার্টও।
“বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমরাও জয়ের জন্য মাঠে নামব।”
