২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার মহা সচিব ভালকে বরখাস্ত

মহা সচিব জেরোম ভালকেকে বরখাস্ত করেছে ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 09:38 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বুধবার এক বিবৃতিতে জানায়, গত শনিবার ‘ফিফা ইমার্জেন্সি কমিটি’ ভালকেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। তবে তাকে বরখাস্ত করার কোনো কারণ এই বিবৃতিতে উল্লেখ করেনি ফিফা।

সুইজারল্যান্ডের নাগরিক মার্কুস কাটনারকে ভারপ্রাপ্ত মহা সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বিশ্বকাপের টিকেট বিক্রি থেকে লাভবান হওয়ার অভিযোগে এর আগে ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে ৫৫ বছর বয়সী ভালকেকে সাময়িক নিষিদ্ধ করেছিল সংস্থাটির এথিক্স কমিটি।
 
ফিফার বিধি ভাঙার অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর ভালকেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।
 
গত ২১ ডিসেম্বর এথিক্স কমিটি ফিফা সভাপতি জেপ ব্লাটার আর উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে আট বছরের জন্য ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে। 
 
এথিক্স কমিটি এরই মধ্যে ভালকেকেও ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকাণ্ড থেকে ৯ বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে।
 
ভালকের বিরুদ্ধে নর্থ ও সেন্ট্রাল আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) সাবেক প্রধান জ্যাক ওয়ার্নারকে ১ কোটি ডলার ঘুষ দেওয়ায় জড়িত থাকার অভিযোগও আছে। ওয়ার্নার যেন ২০১০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় আয়োজনের পক্ষে ভোট দেন; এ কারণে তাকে ওই ঘুষ দেওয়া হয়েছিল।
 
২০০৭ সালে ফিফার মহা সচিব পদে যোগ দেওয়া ভালকে অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন।  
 
এই নিয়ে ফিফায় দুবার বরখাস্ত হলেন ভালকে। ২০০৩ সালে মার্কেটিং পরিচালক হিসেবে ফিফায় যোগ দিয়েছিলেন তিনি। এই পদ থেকে ২০০৬ সালে বরখাস্ত হয়েছিলেন তিনি। এর পর আবার ২০০৭ সালে ফিফার মহা সচিব হিসেবে যোগ দেন সংস্থাটিতে ব্লাটারের ডানহাত হয়ে ওঠা ভালকে।