হিগুয়াইনের জোড়া গোলে শীর্ষে নাপোলি
গনসালো হিগুয়াইনের জোড়া গোলে দারুণ এক জয় পেয়েছে নাপোলি। দিনের প্রথম ম্যাচে সাস্সুয়োলোর কাছে ইন্টার মিলান হেরে যাওয়ায় শীর্ষে উঠে গেছে তারা।
ফ্রোজিনোনেকে ৫-১ গোলে হারায় নাপোলি।
সাস্সুয়োলোর ইতালিয়ান স্ট্রাইকার দোমেনিকো বেরার্দির একমাত্র গোলে ইন্টার মিলান হেরে যাওয়ায় শীর্ষে ওঠার হাতছানিতেই মাঠে নামে নাপোলি।
রোববার প্রতিপক্ষে মাঠে ২০তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার রাউল আলবিওলের গোলে এগিয়ে যায় নাপোলি। ১০ মিনিট বাদে ব্যবধান বাড়ান হিগুয়াইন।
৫৯তম মিনিটে মারেক হামসিক স্কোরলাইন ৩-০ করার পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনার স্ট্রাইকার হিগুয়াইন। ৭১তম মিনিটে পঞ্চম গোলটি করেন ইতালির স্ট্রাইকার গাব্বিয়াদিনি।
৮১তম মিনিটে একটি গোল শোধ করে স্বাগতিকরা।
শীর্ষে ওঠা নাপোলির পয়েন্ট ১৯ ম্যাচে ৪১। সমান ম্যাচে ইন্টারের পয়েন্ট ৩৯।
