২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের ব্যর্থতা ঝেড়ে ভালো শুরুর অপেক্ষা

বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ দল খেলতে নামছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা মাথায় নিয়ে। শ্রীলঙ্কার মাথায় ব্যর্থতার বোঝা ততটা ভারি নয়; সাফ ফুটবলে সেমি-ফাইনাল খেলা দলটি খেলতে এসেছে সামনের এসএ গেমসের প্রস্তুতি শানিয়ে নিতে।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 10:02 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

জয়ে শুরু চাই মারুফুলের
সুযোগ কাজে লাগাতে মুখিয়ে এমিলি
ফ্লুতে আক্রান্ত মামুনুলকে পেতে আত্মবিশ্বাসী কোচ

আগামী শুক্রবার বেলা পৌনে তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আগের দিনের সংবাদ সম্মেলনে স্বাগতিক কোচ মারুফুল হকের কথার ছিল সাফ ফুটবলের ব্যর্থতা কাটিয়ে উঠার লক্ষ্যের কথা।

“শেষ টুর্নামেন্টে আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। তারপরও চাওয়ার কথা যদি জিজ্ঞেস করা হয়, কোচ হিসেবে বলব, এই মুহূর্তে আমার চাওয়া প্রথম ম্যাচটা জেতা।”

শুরুর চাওয়াটুকু পূরণের শরীরী ভাষা, মানসিকতা শিষ্যদের মধ্যে দেখতে পেয়েছেন বলে জানান কোচ। দুই দলের পরিসংখ্যানও পক্ষে আছে; নেই কেবল কদিন আগে শেষ হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফল।

ফিফা স্বীকৃত ১৫ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ১০টি; শ্রীলঙ্কার ৩টি; বাকি দুই ম্যাচ ড্র। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ তিন ম্যাচের পরিসংখ্যানও মামুনুলদের পক্ষে - গত অক্টোবরে যশোরে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র; রাজশাহীতে ১-০ গোলের জয় এবং গত বছর বঙ্গবন্ধু গোল্ড কাপেই সেমি-ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকায় ১-০ গোলে জয়।

কিন্তু ত্রিভান্দ্রামের সর্বশেষ আসর এগিয়ে রাখছে শ্রীলঙ্কাকে। যেখানে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের; অন্যদিকে, গ্রুপ পেরুনো শ্রীলঙ্কা সেমি-ফাইনালে হারে শক্তিশালী আফগানিস্তানের কাছে।

সাফ ফুটবলে দুই দলের পারফরম্যান্স অবশ্য মনে রাখতে চাইছেন না শ্রীলঙ্কা কোচ সামপাথ পেরেরা। তাই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া বাংলাদেশ ‘ভারসাম্যপূর্ণ’ বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানান তিনি। আর গোল্ড কাপে নিজেদের লক্ষ্য বোঝাতে অতিথি দলের কোচ জানান, আগামী দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) কথা। এ কারণে শ্রীলঙ্কা দলের ২৩ জনের মধ্যে ১৬ জনই অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়।

“এসএ গেমসের আগে আমাদের অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার একটা উপলক্ষ এটি এবং আমাদের লক্ষ্যই এসএ গেমসের জন্য ছেলেদের প্রস্তুত করে নেওয়া।”

আগামী ৬ ফেব্রুয়ারির এসএ গেমসের প্রস্তুতির জন্য গোল্ড কাপে জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে গড়া বাংলাদেশ যুব দলও খেলছে। মারুফুলের তাবুতেও আছে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলার। তবে এসএ গেমসের প্রস্তুতির লক্ষ্যটা সে অর্থে নেই মারুফুলের। তাই শ্রীলঙ্কা কোচের প্রশংসাও মাথায় রাখছেন না তিনি।

“উনি (শ্রীলঙ্কা কোচ) আসলেই ঠিক বলেছেন, আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। কিন্তু মাঠের পারফরম্যান্স আলাদা জিনিস। দল যদি মাঠে ভালো না খেলে, তখন আর ভারসাম্য থাকে না।”

ফ্লুর কারণে অধিনায়ক মামুনুল ইসলামের বদলে সংবাদ সম্মেলনে আসেন চোট কাটিয়ে দলে ফেরা জাহিদ হাসান এমিলি। সতীর্থদের কাছে শ্রীলঙ্কা ম্যাচের চাওয়াটা জানিয়ে দিয়েছেন হাঁটুর চোটে সাফ ফুটবলে খেলতে না পারা এই ফরোয়ার্ড।

“বেশি কিছু বলব না; শুধু একটা কথাই কোচের সঙ্গে তাল মিলিয়ে বলতে চাই- প্রথম ম্যাচটা জিততে চাই।”