২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লুতে আক্রান্ত মামুনুলকে পেতে আত্মবিশ্বাসী কোচ

বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে মামুনুল ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বাংলাদেশের কোচ মারুফুল ইসলাম দলের এই নির্ভরযোগ্য মিডফিল্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 08:51 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে আগামী শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। আগের দিনের সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে এসেছিলেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি। কোচ মারুফুল জানান, অসুস্থতার কারণে আসতে পারেননি অধিনায়ক মামুনুল।
 
“ফ্লুর কারণে তার গায়ে একটু টেম্পারেচার আছে। আমি মনে করি, ফ্লুটা কেটে গেলে তা চলে যাবে।”
 
বঙ্গবন্ধু গোল্ড কাপের গত তিন আসরে তেমন একটা সাফল্য পায়নি বাংলাদেশ। সর্বশেষ আসরে মালয়েশিয়ার কাছে হেরে রানার্সআপ হওয়াটাই মামুনুলদের জন্য সেরা সাফল্য।
 
গত আসরে সেমি-ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ট্রফি খরা ঘোচানোর মিশন শুরু করবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মামুনুলের খেলার সম্ভাবনা নিয়ে আশার কথাই শুনিয়েছেন কোচ।
 
“এ কারণে (ফ্লুর) তাকে এখানে নিয়ে আসার ঝুঁকিটা নেইনি আমি। তবে, আশা করি কালকে সে খেলতে পারবে।”
 
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে দলের ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মামুনুল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য তাকে অধিনায়কের দায়িত্ব দিলে সিদ্ধান্ত বদলান এই মিডফিল্ডার।
 
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি মাঠে গড়াবে বেলা ২টা ৪৫ মিনিটে।