জয়ে শুরু চাই মারুফুলের
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ জিততে পারেননি মারুফুল ইসলাম। সে হতাশা কিছুটা হলেও বাংলাদেশের কোচ ঘোচাতে চান বঙ্গবন্ধু গোল্ড কাপে। সে চাওয়া পূরণের পথে প্রথম চাওয়াটা এরই মধ্যে শিষ্যদের জানিয়ে দিয়েছেন তিনি-জয় চাই।
যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে আগামী শুক্রবার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।
সাফ ফুটবলের ব্যর্থতা শুরুতে সামনে এনে কোচ বলেন, “শেষ টুর্নামেন্টে আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। ২৮ ডিসেম্বর শেষ ম্যাচ খেলার পর এই দল আমি পেয়েছি তিন দিন হলো। তারপরও চাওয়ার কথা যদি জিজ্ঞেস করা হয়, কোচ হিসেবে বলব, এই মুহূর্তে আমার চাওয়া প্রথম ম্যাচটা জেতা।”
“ছেলেদের যে শরীরী ভাষা ও মানসিকতা দেখেছি, তাতে ভালো কিছু করার তাড়না তাদের মধ্যে দেখেছি আমি,” যোগ করেন তিনি।
নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে খেলার চ্যালেঞ্জটা নিচ্ছেন মারুফুল। তার বিশ্বাস, মামুনুলরাও চাপ নেওয়াটা শিখেছে।
“ফুটবলে আগাগোড়াই চ্যালেঞ্জ এবং এটা জেনেই এই পেশায় এসেছি। যেহেতু নিজের মাঠে খেলা, নিজেদের দর্শকের সামনে খেলা এবং সাফে আমরা ভালো করতে পারিনি। এ কারণে এটা একটা চ্যালেঞ্জ। সাফে আমরা চাপ নিতে পারিনি। আমার মনে হয়, ছেলেরা চাপ নেওয়াটা শিখেছে।”
যশোরের এই স্টেডিয়ামে ২০১৪ সালের অক্টোবরে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় প্রীতি ম্যাচ।
