২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ কাজে লাগাতে মুখিয়ে এমিলি

চোট কাটিয়ে ফেরার কারণে জাহিদ হাসান এমিলির মধ্যে বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো করার তাড়নাটা স্বাভাবিকভাবে বেশি। দলের জন্য অবদান রাখতে মুখিয়ে থাকা এই ফরোয়ার্ড জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জেতাটা তাদের জন্য খুবই দরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 09:11 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে আগামী শুক্রবার ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যাচের লক্ষ্য নিয়ে কথা বলেন এমিলি।
 
“ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে আমার কাছে দলীয় লক্ষ্যটা বড়। কারণ, জয়টা আমাদের খুবই দরকার।”
 
হাঁটুর চোটের কারণে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দল থেকে শেষ মুহূর্তে ছিটকে পড়েন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
 
“চোটের কারণে সাফ মিস করেছিলাম। সেটা কাটিয়ে উঠেছি। এখনও পুরোপুরি ফিট নই।  কোচই ঠিক করবেন, দলের জন্য আমি কতটুকু অবদান রাখতে পারব।”
 
যশোরের এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচ নিয়ে ভালো-মন্দের এক স্মৃতিও আছে এমিলির। ২০১৪ সালের অক্টোবরের ওই প্রীতি ম্যাচে তার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার রোশান লক্ষ্যভেদ করলে সমতায় শেষ হয় ম্যাচটি।
 
চেনা মাঠে ফিরলেও স্মৃতিকাতর হয়ে পড়ছেন না এমিলি। সবে মাত্র চোট কাটিয়ে ফেরায় মাঠে নামার সিদ্ধান্তটি ছেড়ে দিচ্ছেন কোচের ওপর। তবে সতীর্থদের কাছে নিজের চাওয়াটা জানাতে ভোলেননি তিনি।
 
“কে খেলল, কে খেলল না, সেটা কোনো ব্যাপার নয়, যে-ই খেলবে, আমি সবাইকে বলব, জয়টা আমাদের খুবই দরকার। তাহলে এটা আমাদের পরের ম্যাচে কাজে দেবে।”