জয় দিয়ে বছর শুরু ইউভেন্তুস, ইন্টার, নাপোলির
ঘরোয়া লিগে টানা অষ্টম জয় পেয়েছে ইউভেন্তুস। বছরের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার তলানিতে থাকা হেল্লাস ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে বুধবার রাতে দুর্দান্ত এক ফ্রি-কিকে ইউভেন্তুসকে এগিয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা।
প্রথমার্ধের যোগ করা সময়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। আর ৮২তম মিনিটে জয় নিশ্চিত করেন ইতালির ফরোয়ার্ড সিমোনে জাজা।
এ জয়ে ১৮ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট ৩৬, চতুর্থ স্থানে আছে তারা।
অন্য ম্যাচে পালেরমোকে ৩-১ গোলে হারিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফিওরেন্তিনা।
দিনের শেষ ম্যাচে তোরিনোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নাপোলি। তাদের পয়েন্টও ফিওরেন্তিনার সমান ৩৮, তবে গোল ব্যবধানে পিছিয়ে নাপোলি।
এছাড়া কিয়েভোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে রোমা। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রাজধানীর দলটি।
