২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বার্সার হয়ে নামতে প্রস্তুত তুরান-ভিদাল

নতুন কোনো খেলোয়াড়কে নিবন্ধন করানোর উপর ফিফার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এবার আর্দা তুরান ও আলেইশ ভিদালকে খেলাতে পারবে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 07:08 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

কোপা দেল রের সেরা ষোলো দলের লড়াইয়ের প্রথম লেগে এসপানিওলের বিপক্ষে দুই মিডফিল্ডার তুরান ও ভিদালকে মাঠে নামাতে পারে বার্সেলোনা। ম্যাচটি আগামী বুধবার নিজেদের মাঠে খেলবে লুইস এনরিকের দল।

এ মৌসুমের শুরুতে আতলেতিকো মাদ্রিদ থেকে তুরস্কের তুরানকে আর সেভিয়া থেকে স্পেনের মিডফিল্ডার ভিদালকে কেনে বার্সেলোনা। কিন্তু নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ এ দুই জনকে খেলাতে পারছিল না কাতালুনিয়া ক্লাবটি। সোমবার খেলোয়াড়দের দল বদলের নতুন সময় শুরুর সঙ্গে সঙ্গেই সে নিষেধাজ্ঞা শেষ হয়ে যায়।

গত শনিবার লিগে এই এসপানিওলের মাঠ থেকেই গোলশূন্য ড্র করে ফেরে বার্সেলোনা। চার দিন বাদেই আবার ওই একই দলের বিপক্ষে মাঠে নামার আগে তুরান ও ভিদালকে পাওয়াটা তাই বার্সেলোনার জন্য বড় প্রাপ্তি হয়েই এসেছে।

মাঝে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় বাদ দিলে, সাম্প্রতিক সময়ে বার্সেলোনার পারফরম্যান্স বেশ খারাপ। লিগে গত চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে তারা, বাকি তিনটি ড্র। তুরান ও ভিদালের অন্তর্ভুক্তি তাই ধারাবাহিক জয়ের ধারায় ফিরতে বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে।

এই সময়ে লিগের শীর্ষস্থানও হারিয়েছে বার্সেলোনা; অবশ্য তারা শীর্ষে ওঠা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। ১৮ ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪১; ১৭ ম্যাচে মেসিদের পয়েন্ট ৩৯।