২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপ’ জয়ের প্রত্যয় এমিলির

জাতীয় দলে ফেরা জাহিদ হাসান এমিলি নিজেদের মাঠে খেলার ‘চাপ’ জিতে বঙ্গবন্ধু গোল্ড কাপে সাফল্য পেতে উন্মুখ হয়ে আছেন।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 07:06 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পুরনো খবর:

‘চাপ’ জয়ের প্রত্যয় এমিলির

চোটের কারণে শেষ মুহূর্তে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দল থেকে ছিটকে পড়েছিলেন এমিলি। চোট কাটিয়ে দলে ফিরেছেন এই নির্ভরযোগ্য ফরোয়ার্ড।

বঙ্গবন্ধু গোল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচের জন্য সোমবার যশোরের পথে রওনা দিয়েছে বাংলাদেশ দল। আগামী শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গোল্ড কাপ মিশন শুরু করবে মারুফুল হকের শিষ্যরা। গ্রুপের পরের দুই ম্যাচ হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ জানুয়ারি যথাক্রমে মালয়েশিয়া ও নেপালের সঙ্গে।

সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রস্তুতির জন্য বেশি সময় পাননি এমিলিরা। তবে নিজেদের মাঠে খেলার চাপ জয়ের প্রতিশ্রুতি দিলেন তিনি।

“সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপ; সাফে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার কারণে আমাদের ওপর চাপটাও বেশি। তবে চাপের মধ্যে থেকে আমাদের রেজাল্ট বের করে আনতে হবে এবং ব্যক্তিগতভাবে আমি আশাবাদী।”

বঙ্গবন্ধু কাপ নামে হওয়া ১৯৯৬-৯৭ ও ১৯৯৯ সালের আসরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে সেরা প্রাপ্তি ২০১৫ সালে মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়া।

এমিলিও বুঝতে পারছেন-বড় দায়িত্ব নিয়ে এবার গোল্ড কাপ শুরু করতে হবে তাদের। এ টুর্নামেন্টকে সর্বশেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার হতাশা ঘোচানোর উপলক্ষও মানছেন তিনি।

“এটা যেহেতু একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেহেতু আমাদের কাঁধে এখন বড় দায়িত্ব। সাফে খারাপ করার কারণে আমাদের সুযোগ আছে বঙ্গবন্ধু কাপে তা থেকে বেরিয়ে আসার।”

চোট কাটিয়ে সেরাটা দেওয়ার প্রত্যয়

টিউমারের সমস্যা কাটিয়ে শেখ কামাল আন্তর্জাতিক গোল্ডকাপে খেলেছিলেন এমিলি। চট্টগ্রাম আবাহনীকে শিরোপা জিতিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের দলের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু হাঁটুর চোট ছিটকে দেয় ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। চোট কাটিয়ে ফেরা এমিলি বঙ্গবন্ধু গোল্ড কাপে সেরাটা দিতে প্রত্যয়ী।

“চোটের অবস্থা ভালো। তবে ফিটনেসে একটু সমস্যা আছে। জানেনই তো, অনেকদিন খেলার বাইরে ছিলাম। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য যতটুকু ফিটনেস দরকার, তার চেয়ে একটু কম আছে। তবে যতক্ষণ খেলতে পারি, ততক্ষণই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।”

“ফিটনেস লেভেল যতটুকু আছে, আমার মনে হয়, কোচ আমাকে ততটুকুই (সময়) পর্যন্ত খেলাবেন”, যোগ করেন তিনি।