২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের সমালোচকদের এক হাত নিলেন চিয়াগো

ব্রাজিল দলের সমালোচকদের এক হাত নিয়েছেন চিয়াগো সিলভা। দেশটির সাবেক খেলোয়াড়রা ‘বাজে বকছেন’ বলে জানান পিএসজির এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 06:55 PM

Updated : 11 Oct 2022, 07:31 PM

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২০১৪ সালে দেশের মাটির বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল। সেই সময় সমালোচনার তিরে বিদ্ধ হতে হয় ব্রাজিলের খেলোয়াড়দের।

বিশ্বকাপ শেষে লুই ফেলিপে স্কলারিকে সরিয়ে ব্রাজিল দলের কোচের দায়িত্ব দেওয়া হয় দুঙ্গার হাতে। ব্রাজিলের কোচ হিসেবে দ্বিতীয় দফায় শুরুটা ভালোই করেছিলেন তিনি। তবে গত বছরের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়ে আবার সমালোচনার মুখে পড়ে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটাও খুব একটা ভালো হয়নি দুঙ্গার দলের। ৪ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমালোচনা সইতে হচ্ছে এর জন্যও।

সিলভা বলেন, “আমি মনে করি, সাবেক খেলোয়াড়রা অনেক বাজে বকে। দেখুন, তারা এখানে খেলে গেছে এবং জানে, এটা সহজ পরিস্থিত নয়। কিন্তু আপনার শুধু মান ছাড়াও আরও কিছু লাগবে। কারণ, ফুটবল বদলেছে।”

“সময় মতো সমালোচনা থামেনি।…কখনও কখনও টিভিতে দেখতে খারাপ লাগে যে, একজন সাবেক বর্তমানের খেলোয়াড়দের নিয়ে বাজে কথা বলছে।”

এমন সমালোচনা খেলোয়াড়দের কষ্ট দেয় উল্লেখ করে সিলভা বলেন, “আমার কাছে, ব্রাজিলের ফুটবল পেছনে পড়ে নেই। অবশ্যই আমাদের কিছু উন্নতি করতে হবে। বিশেষ করে আমাদের খেলার ধরন আরও সৃষ্টিশীল করতে হবে। আমি মনে করি, এটা আমরা হারিয়ে ফেলেছি।”

এই মুহূর্তে ব্রাজিল দলের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি আছে বলে উল্লেখ করেন চিয়াগো। তবে এখনও ইউরোপে ব্রাজিলের ফুটবলকে সমীহর চোখে দেখা হয় বলে জানান তিনি।