এবার স্টোক সিটির কাছে হারল ম্যান ইউ
ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় আরও বাড়িয়েছে স্টোক সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লুইস ফন খালের দলকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
শনিবার ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটির গোল দুটি করেন বোজান কিরকিচ ও মার্কো আর্নাউতোভিচ।
নিজেদের মাঠে ১৯তম মিনিটে এগিয়ে যায় স্টোক সিটি। স্বাগতিকদের এই গোল যেন মেমফিস ডিপাইয়ের ‘বড় দিনের উপহার’।
মাঝ মাঠ থেকে আসা একটি বল সহজেই বিপদমুক্ত করতে পারতেন ডিপাই। তা না করে ডাইভিং হেড করে গোলরক্ষক দাভিদ দে হেয়াকে বল দেওয়ার চেষ্টা করেন তিনি। তার হেডে ততটা জোর ছিল না, পেছন থেকে ছুটে এসে বল নিয়ন্ত্রণে নেন গ্লেন জনসন। জনসনের ক্রসে বল পাওয়া কিরকিচ গোলের সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেননি।
অতিথিরা পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান বাড়ায় স্টোক সিটি। ফ্রি-কিক ইউনাইটেডের রক্ষণ দেয়ালে প্রতিহত হওয়ার পর ডি-বক্সের বাইরে বল পান আর্নাউতোভিচ। তার বুলেট গতির শট ঝাঁপিয়েও ফেরাতে পারেননি দে হেয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েইন রুনিকে মাঠে নামান ফন খাল। কিন্তু কোনো লাভ হয়নি। জয় পেতে দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলা স্টোক সিটির জাল খুঁজে পাননি রুনি-ফেলাইনিরা। এতে ভূমিকা ছিল দুর্দান্ত খেলা সিটির গোলরক্ষকেরও।
গত ২১ নভেম্বর সর্বশেষ জয় পেয়েছিল ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সেই ম্যাচে ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়েছিল তারা। এরপর যেন দিক হারায় ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।
স্টোক সিটির মুখোমুখি হওয়ার আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে ছয় ম্যাচে জয়শূন্য ছিল ইউনাইটেড। এর মধ্যে শেষ তিনটিতে হেরেছিল তারা।
টানা ছয় ম্যাচে জয়শূন্য থাকার পর গণমাধ্যমও ফন খালের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু করে। স্টোক সিটি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্নেরও মুখোমুখি হন তিনি। রেগে তিনটি প্রশ্নের উত্তর দিয়েই বেরিয়ে যান ফন খাল। স্টোক সিটির কাছে হারায় চাপটা আরও বাড়বে এই ডাচ কোচের।
