মালদ্বীপের বিপক্ষে নেই নাসিরউদ্দিন
মালদ্বীপ ম্যাচের আগে বড় একটা ধাক্কাই খেলো বাংলাদেশ। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী চোটের কারণে ছিটকে গেছেন এ ম্যাচ থেকে।
আগামী শনিবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটি মামুনুলদের সেমি-ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই।
আফগানিস্তান ম্যাচে গোঁড়ালির চোট পান নাসিরউদ্দিন। মাথাতেও চোট পেয়েছেন শেখ জামাল ধানমণ্ডির এই ডিফেন্ডার। শুক্রবার তাজ হোটেলে গিয়ে দেখা যায় নাসির খুড়িয়ে খুড়িয়ে হাঁটছেন। প্রতিপক্ষ এক ফুটবলারের সঙ্গে বল নিয়ন্ত্রণের লড়াইয়ে হেড করতে গিয়ে মাথায় চোট পান নাসির।
মাথায় ব্যথা পাওয়া নিয়ে নাসিরউদ্দিন বলেন, “ওই সময় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। সব অন্ধকার মনে হচ্ছিল।”
মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে খেলতে না পেরে হতাশ নাসিরউদ্দিন। এই ডিফেন্ডার অবশ্য মালদ্বীপ ম্যাচ নিয়ে সতীর্থদেরকে নিজের চাওয়া ঠিকই জানিয়ে দিয়েছেন।
“এত ক্যালকুলেশন বুঝিনা। কালকে জিততেই হবে।”
