২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের কাছে মামুনুলের সেরাটা পাওয়ার আর্তি

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সতীর্থদের খেলায় খুব বেশি খুশি হতে পারেননি মামুনুল ইসলাম। মালদ্বীপের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তাই সেরাটা দিতে সতীর্থদের কাছে আর্তি জানিয়েছেন বাংলাদেশের এই অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 04:07 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

আগামী শনিবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল চারটায় মালদ্বীপের মুখোমুখি হবে মামুনুলরা। আগের দিন সতীর্থদের কাছে নিজের চাওয়াটা জানান মামুনুল।
 
“(আফগানিস্তান ম্যাচে) অনেকে তাদের সেরাটা দিতে পারেনি। দ্বিতীয় গোলটাই আমাদের ব্যকফুটে ঠেলে দিয়েছিল। এককভাবে খেলে কেউ দলকে জেতাতে পারবে না; আমাদের একটা দল হয়ে খেলতে হবে; সেরাটা দিতে হবে।”
 
“সবার সামনেই ঘুরে দাঁড়ানোর সুযোগ আসে। আমাদের সামনেও দুটো সুযোগ আছে; প্রথমটি মালদ্বীপের বিপক্ষে এবং আমাদের এটা কাজে লাগাতে হবে,” যোগ করেন এই মিডফিল্ডার।
 
২০০৩ সালের আসরে একমাত্র শিরোপাটি জেতা বাংলাদেশ এবার এসেছে দ্বিতীয়বার এর স্বাদ পাওয়ার লক্ষ্য নিয়ে। এই লক্ষ্য পূরণে তরুণদের আরও দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন মামুনুল।
 
“দলের অভিজ্ঞদের চেয়ে তরুণদের আরও বেশি দিতে হবে। আমরা কেন এসেছি, সেটা হৃদয়ে নিতে হবে।”
 
ভুল পাস আর রক্ষণের ভুলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চার গোল হজম করে বাংলাদেশ। মালদ্বীপ ম্যাচ সামনে রেখে সতীর্থ ডিফেন্ডারদের মামুনুল সতর্কও করে দেন, “মালদ্বীপের আক্রমণভাগ ভালো।”