২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল ‘মিস’ তাড়িয়ে বেড়াচ্ছে রনিকে 

আফগানিস্তানের বিপক্ষে পাওয়া সুযোগটি হেলায় হারানোটা মানতে পারছেন না শাখাওয়াত হোসেন রনি। ওই ব্যর্থতা এখনও তাড়িয়ে ফিরছে বাংলাদেশের এই ফরোয়ার্ডকে।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 05:45 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

আগামী শনিবার ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের ম্যাচ সামনে রেখে প্রথম ম্যাচের ব্যর্থতা নিয়ে কথা বলেন রনি।
 
ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে বক্সের ভেতরে বিপজ্জনক এলাকায় বল পেয়ে যান রনি। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ২৪ বছর বয়সী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের এই স্ট্রাইকার।
 
“আর একটু হলে বলের নাগাল পেয়ে যেতাম। কিভাবে যে কি হলো; ওদের গোলরক্ষক খুবই দ্রুত এসে গেলো, আমিও শট নেওয়ার সময় পেলাম না।”
 
রনির গোলের সুযোগ নষ্টের পর চার গোল হজম করে বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ মারুফুল হকও বলেন, ষষ্ঠ মিনিটের গোলটি হলে আফগান ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
 
প্রথম ম্যাচে গোল খাওয়ার কারণ হিসেবে কোচ মারুফ হকের মতো সতীর্থদের ভুল পাসকে দায় দিয়েছেন রনি। তবে জানান, আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে মালদ্বীপ ম্যাচে জয়ের জন্য প্রাণবাজি রেখে খেলবেন তারা।
 
“প্রথম ম্যাচের হারে হতাশা আছে কিন্তু সেটা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। এখন আমাদের মালদ্বীপ ম্যাচ নিয়ে ভাবতে হবে। আশা করি, এবার সুযোগ পেলে আর মিস হবে না।”
 
আফগান ম্যাচে খেলার সুযোগ পাননি স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। বেঞ্চে বসে সতীর্থদের প্রথম ম্যাচে গুঁড়িয়ে যাওয়াটা দেখেছেন তিনি। হতাশ কণ্ঠে বিজেএমসির হয়ে খেলা এই ফুটবলার বলেন, “আগের ম্যাচ নিয়ে ভেবে আর লাভ নেই; এখন আমাদের ঘুরে দাঁড়াতেই হবে।”