২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগানিস্তানের কাছে কখনও হারেনি বাংলাদেশ’

বাংলাদেশ-আফগানিস্তানের অতীত রেকর্ডই মামুনুল ইসলামকে আশাবাদী করে তুলছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার আগে সতীর্থদেরকে দারুণ অনুপ্রেরণাদায়ী সে রেকর্ডের কথা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 09:03 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগের দিন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যময় অতীত নিয়ে কথা বলেন মামুনুল।

“আফগানিস্তান ম্যাচ নিয়ে আমাদের মধ্যে ডেডিকেশনের কোনো অভাব নেই। কোচও এ টু জেড সব তথ্যই দিয়েছেন। এখন মাঠে আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে। আমরা চেষ্টা করব সেরা ম্যাচটা খেলার।”

ফিফার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচে আফগানদের কোনো জয় নেই; ড্র চারটি, হার একটি। এই অতীত আরও বেশি আশাবাদী করে তুলেছে মামুনুলকে।

“আমরা তাদের সঙ্গে অতীতে তাদের কাছে কোন ম্যাচ হারিনি; জিতেছি এবং ড্র করেছি। এই অতীত রেকর্ডও আমাদের আশাবাদী করে তুলছে।”

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে অস্ট্রেলিয়া, জর্ডানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগবে বলে আগেই জানিয়েছিলেন মামুনুল। আফগানদের ভয় না পাওয়ার পুরানো কথাও নতুন করে বলেন এই মিডফিল্ডার।

“আফগানদের নিয়ে ভয় তো থাকা উচিত না কারোরই। আমরা অনেক বড় বড় প্রতিপক্ষ যেমন, অস্ট্রেলিয়া, জর্ডান, কিরগিজস্তানের সঙ্গে খেলেছি, সুতরাং আফগানিস্তানকে নিয়ে ভয়ের কথা বললে তো চলবে না।”

“তাদের সঙ্গে যদি তুলনা করেন, ওরা হয়তো ১৯-২০ এ এগিয়ে থাকবে। তবে দিনটার উপর সব কিছু নির্ভর করে। ওই দিনে যে ২০-এর মতো পারফর্ম করতে পারবে সেই জিতবে। আমরা সবাই সাহসী আর সাহসীদেরই ভাগ্য সহায়তা দেয়। দলে এক ঝাঁক অকুতোভয় যোদ্ধা আছে,” যোগ করেন অধিনায়ক।