হিগুয়াইনের জোড়া গোলে নাপোলির জয়
আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের জোড়া গোলে সেরি আতে আতালান্তাকে হারিয়েছে নাপোলি। জয় পেয়েছে এএস রোমাও। তবে লাৎসিওর কাছে হেরে গেছে ইন্টার মিলান।
আতালান্তার মাঠে গত রোববার নাপোলির জয়টি ৩-১ গোলের। একই দিন নিজেদের মাঠে জেনোয়াকে ২-০ ব্যবধানে হারায় রোমা। আর ঘরের মাঠে লাৎসিওর কাছে ইন্টারের হারটি ২-১ গোলে।
আতালান্তা-নাপোলি ম্যাচের ৪টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মারেক হামসিকের ৫২তম মিনিটের গোলে এগিয়ে যায় নাপোলি। দুই মিনিট পরই গোলটি শোধ করে দেয় আতালান্তা।
৬২তম মিনিটে নিজের প্রথম গোল করে নাপোলিকে এগিয়ে দেন হিগুয়াইন। ৮৫তম মিনিটে ব্যবধান ৩-১ করেন তিনি।
দুই দলই খেলা শেষ করে ১০ জন খেলোয়াড় নিয়ে। ৭৩তম মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলে জন্ম নেওয়া নাপোলির ইতালিয়ান ফুটবলার লুইস ফ্রেল্লো ফিলিয়ো। আর শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া আতালান্তার ইতালিয়ান ফুটবলার গাব্রিয়েল পালেত্তা।
জেনোয়াকে হারিয়ে আট ম্যাচের মধ্যে প্রথম জয় পায় রোমা।
৪২তম মিনিটে রোমাকে এগিয়ে দেন আলেসান্দ্রো ফ্লোরেন্তসি। ৮৯তম মিনিটে ব্যবধান ২-০ করেন নাইজেরিয়ার স্ট্রাইকার উমর সাদিক।
রোমার এই জয়ে কালো দাগ হয়ে থাকে রেফারিকে বাজে কথা বলে ৭৪তম মিনিটে ফরোয়ার্ড এদিন জেকোর লাল কার্ড দেখা।
নিজেদের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে ইন্টার। লাৎসিওকে এগিয়ে দেওয়া গোলটি করেন আন্তোনিও কান্দ্রেভা।
৬১তম মিনিটে মাউরো ইকার্দির গোলে সমতায় ফেরে ইন্টার। তবে ৮৭তম মিনিটে কান্দ্রেভার দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাৎসিও।
দুই দলই খেলা শেষ করে ১০ জন করে খেলোয়াড় নিয়ে। ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন ইন্টারের ফেলিপে মেলো আর লাৎসিওর মিলিনকোভিচ সাভিচ।
এই হারের পরও শীর্ষে আছে ইন্টার মিলান। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোববার নিজেদের মাঠে কিয়েভোকে ২-০ গোলে হারানো ফিওরেন্তিনা।
১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। আর ৩২ পয়েন্ট নিয়ে রোমা আছে পঞ্চম স্থানে।
