মরিনিয়োর বরখাস্তে বিষণ্ণ টেরি
চেলসি কোচের দায়িত্ব থেকে জোসে মরিনিয়ো বরখাস্ত হওয়ার পর ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানিয়ে অধিনায়ক জন টেরি বলেছেন, এটা বিষণ্ণ একটা দিন।
প্রথমবার কোচের দায়িত্ব পালনের সময় ২০০৪ সালে মরিনিয়ো অধিনায়ক বানান টেরিকে। সে সময় ইংলিশ ডিফেন্ডারের বয়স ছিল ২৩ বছর।
মরিনিয়োর অধীনে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে চেলসিকে নেতৃত্ব দেন টেরি। গত বৃহস্পতিবার বরখাস্ত হওয়া মরিনিয়োর সঙ্গে একটি এফএ কাপ ও তিনটি লিগ কাপও জেতেন টেরি।
শেষের দিকে মরিনিয়োর সঙ্গে সম্পর্ক আর আগের মতো উষ্ণ না থাকলেও বিদায় বেলায় ইনস্টাগ্রামে সাবেক কোচের প্রশংসাই করেন টেরি।
“তোমাকে মিস করব ‘বস’। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সেরা, একসঙ্গে অবিশ্বাস্য স্মৃতি ছিল। শুধু ধন্যবাদ জানানো যথেষ্ট নয়।”
১৯৯৮ সালে অভিষেকের পর থেকে চেলসিতে ১৩ জন কোচের অধীনে খেলেছেন টেরি। তাদের মতো গাস হিডিঙ্ক, কার্লো আনচেলত্তি, রাফায়েল বেনিতেসের মতো হাই প্রোফাইল কোচও আছেন।
গত মৌসুমে ইংলিশ লিগের শিরোপা জেতার সময়ও মরিনিয়োর সঙ্গে টেরির সম্পর্ক দারুণ ছিল। কিন্তু চলতি মৌসুমে লিগের দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে টেরিতে তুলে নেন মরিনিয়ো। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে হারে শিরোপাধারীরা।
গত সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে জেতা ম্যাচে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখলেও টেরিকে খেলাননি মরিনিয়ো। লেস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে হারা গত সোমবারের ম্যাচেও দ্বিতীয়ার্ধের শুরুতে টেরিকে তুলে নেন তিনি।
দলকে লিগ শিরোপা এনে দেওয়ার সাত মাসের মধ্যে কোচের চাকরি হারান মরিনিয়ো। চলতি লিগে ১৬ ম্যাচের নয়টিতেই হারে তার দল।
