২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত মরিনিয়ো

লেস্টার সিটির মাঠে হারের পর জোসে মরিনিয়োর চাকরি হারানোর সম্ভাবনাটা বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত মেজাজি এই পর্তুগিজ কোচকে বরখাস্ত করেছে চেলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 09:19 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে মরিনিয়োকে বরখাস্ত করার কথা জানায় চেলসি।
 
বিবৃতিতে বলা হয়, মরিনিয়ো ও চেলসি বোর্ড দুই পক্ষই একমত হয়েছে, এ মৌসুমে ফল তেমন ভালো নয়। দলের মঙ্গলের জন্য দুই পক্ষের ভিন্ন দুই পথে চলাটাই উত্তম।
 
“চেলসি ২০১৩ সালের গ্রীষ্মে ম্যানেজার হিসেবে ফেরত আসার পর বিপুল অবদানের জন্য জোসেকে ধন্যবাদ জানাচ্ছে। দুই মেয়াদে তার তিনটি লিগ শিরোপা, এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও তিনটি লিগ কাপ জয় তাকে আমাদের ১১০ বছরের ইতিহাসে সবচেয়ে সফল ম্যানেজারে পরিণত করেছে।”
 
নতুন কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলে চেলসি জানায়।
 
গত মৌসুমে চেলসিকে পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করানোর সাত মাস পর ছাঁটাই হলেন মরিনিয়ো।
 
২০১৪-১৫ মৌসুমে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে আট পয়েন্টে এগিয়ে থেকে ইপিএল শেষ করে চেলসি। গত মৌসুমে লিগ কাপও জেতে দলটি। কিন্তু এ মৌসুমের শুরু থেকেই বড্ড বাজে খেলছে চ্যাম্পিয়নরা।
 
এবারের লিগে এখন পর্যন্ত শেষ হওয়া ১৬ রাউন্ডের নয়টিতে হেরেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ১৫ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট উপরে ষষ্ঠদশ স্থানে আছে তারা।
 
মরিনিয়োর অধীনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অবশ্য ভালোই করে চেলসি। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের সেরা হয়েই নকআউট পর্বে ওঠে তারা।
 
গত সোমবার শীর্ষে থাকা লেস্টার সিটির কাছে ২-১ গোলে হারটাই মরিনিয়োর চেলসির হয়ে শেষ ম্যাচ হয়ে রইল।
 
দ্বিতীয় মেয়াদে ২০১৩ সালের জুনে লন্ডনের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ৫২ বছর বয়সী মরিনিয়ো। 
 
এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে চেলসিকে দু’বার প্রিমিয়ার লিগসহ মোট ছয়টি শিরোপা জেতান তিনি।
 
চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচ এখন নতুন কোচের খোঁজে রয়েছেন। মরিনিয়োর উত্তরসূরি হিসেবে পেপ গুয়ার্দিওলা, গাস হিডিঙ্ক, ব্রেন্ডান রজার্স ও হুয়ানদে রামোসের নাম শোনা যাচ্ছে।