২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরটা অবিস্মরণীয় করার লক্ষ্য মেসির

ক্লাব বিশ্বকাপ জিতে ২০১৫ সালকে অবিস্মরণীয় করে রাখতে চান বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 04:02 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

২০০৯ সালে এক বছরের ছয় শিরোপার সবকটি জেতা বার্সেলোনা গেল মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে। গত অগাস্টে উয়েফা সুপার কাপের শিরোপাও উঁচিয়ে ধরে তারা, কিন্তু হাতছাড়া হয় স্প্যানিশ সুপার কাপ।
 
ইতিহাসে দ্বিতীয়বারের মতো বছরের সবকটি শিরোপা জেতা না হলেও ক্লাব বিশ্বকাপ জিতে ২০১৫ সালটাকে স্মরণীয় করে রাখতে চান বার্সেলোনার সেরা তারকা মেসি।
 
২০০৯ সালের সাফল্যের প্রসঙ্গ তুলে ধরে মেসি বলেন, “ওই সময় আমরা (সব শিরোপা) জিতেছিলাম। মনে হচ্ছিল না, সে সব ফের করা সম্ভব। আমরা নিশ্চিত ছিলাম না যে, এর কাছাকাছিও আবার যেতে পারব। তবে এইতো আমরা এখানে। এখন শুধু আমাদের বছরটাকে সম্ভাব্য সবচেয়ে ভালোভাবে শেষ করতে হবে এবং এটাকে অবিস্মরণীয় করতে হবে।”  
 
শুভ সমাপ্তির লক্ষ্যে প্রথম ধাপে আগামী বৃহস্পতিবার ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে গুয়াংজো এভারগ্রান্দের মুখোমুখি হবে বার্সেলোনা। 
 
এখানে প্রত্যাশিত জয় পেলে আগামী রোববার ফাইনাল খেলবে এই প্রতিযোগিতার ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা।