ঘরের মাঠে লিভারপুলের হোঁচট
ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের কাছে ঘরের মাঠে হারতেই বসেছিল লিভারপুল। তবে যোগ করা সময়ে কিছুটা ভাগ্যের ছোঁয়ায় পাওয়া গোলে এক পয়েন্ট নিশ্চিত হয় ইয়ুর্গেন ক্লপের দলের।
লিভারপুলের মাঠে হওয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল লিভারপুল। গত সপ্তাহে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলে হেরেছিল তারা।
অ্যানফিল্ডে রোববার রাতের এই ম্যাচে ২১তম মিনিটে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন স্বদেশি মিডফিল্ডার অ্যাডাম লালানার হেডে বাড়ানো বল ধরে ডি-বক্সের মধ্যে থেকে গোলটি করেন।
নয় মিনিট পরেই অবশ্য গোলটি শোধ করে দেন ক্রেইগ ডসন। কর্নারে বল পেয়ে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ডিফেন্ডার।
৭৩তম মিনিটে সুইডেনের ডিফেন্ডার ইয়োনাস ওলসনের হেডে এগিয়ে যায় ওয়েস্ট ব্রম।
তবে যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে বেলজিয়ামের ফরোয়ার্ড ডিভোক ওরিগির জোরালো শট অতিথিদের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে হার এড়ায় লিভারপুল।
এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে লিভারপুল। ওয়েস্ট ব্রমের পয়েন্ট ২০।
অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সকে ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল।
দিনের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ওঠে আর্সেনাল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩।
১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির পয়েন্ট ৩২, তবে গোল ব্যবধানে পিছিয়ে আসরের চমক জাগানো দলটি।
