মালয়েশিয়ায় প্লেট ফাইনালে অনূর্ধ্ব-১২ দলের জয়
মালয়েশিয়ার সুপারমক কাপের ফাইনালে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল প্লেট ফাইনালে এগিয়ে গিয়েও হেরেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারমক কাপের প্লেট পর্বের ফাইনালে স্বাগতিক মালয়েশিয়ার দল সিআইএমবি-ওয়াইএফএকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।
মে ব্যাঙ্ক একাডেমি মাঠে তপুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। এরপর আরাফাত ও মেহেদী প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করলে জয় নিশ্চিত হয় তাদের।
সব মিলিয়ে টুর্নামেন্টের ২০ দলের মধ্যে নবম স্থান পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।
একই দিনে থাইল্যান্ডের দল বুরিরাম ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
সব মিলিয়ে ২০ দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে মালয়েশিয়ার এই আসর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।
সোমবার দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ও ১৩ দল।
