শেষ পনের মিনিটের খেলা নিয়ে হতাশ এনরিকে
দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হওয়ায় হতাশ লুইস এনরিকে। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয়টা হাতছাড়া হওয়ার কারণ হিসেবে শেষ পনের মিনিটের খেলাকেই দুষেছেন বার্সেলোনার এই কোচ।
নিজেদের মাঠ কাম্প নউতে শনিবার রাতে দেপোর্তিভোর সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। ৭৭ ও ৮৬তম মিনিটে দুই গোল হজম করে স্পেনের সর্বোচ্চ লিগের শিরোপাধারীরা।
ম্যাচ শেষে মেসি-সুয়ারেসদের সরাসরি সমালোচনা না করলেও এনরিকে বলেন, “আমার কোনো খেলোয়াড়কে গা-ছাড়া ভাবে দেখিনি। এটা নিয়ন্ত্রণে ছিল; কারণ, শেষ পনের মিনিটের আগ পর্যন্ত আমরা রক্ষণে ভালো ছিলাম”
প্রতিপক্ষের প্রশংসা করলেও বার্সেলোনা কোচের বিশ্বাস ড্রটা তার দলের প্রাপ্য ছিল না।
“এটা দেখালো যে, আপনি ২-০ গোলে এগিয়ে গেলেও ম্যাচ শেষ হয় না। এই ফল আমাদের প্রাপ্য ছিল না, কিন্তু ম্যাচটা দেখালো যে, আপনাকে পুরো নব্বই মিনিটই লেগে থাকতে হবে।”
৭৭তম মিনিটে হজম করা গোলটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন এনরিকে।
“যখন স্কোরলাইন ২-১, প্রতিপক্ষ সাহসী হয়ে ওঠে। মুনিরকে দিয়ে স্কোরলাইন ৩-১ করার দারুণ সুযোগ আমরা পেয়েছিলাম; গোলটা হলে ম্যাচ শেষ হয়ে যেতে পারত।”
চোটের কারণে দেপোর্তিভোর বিপক্ষে খেলা হয়নি বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। বদলি হিসেবে নামা মুনির আল হাদ্দাদি, জেরেমি মাথিউয়ের খেলায় খুব একটা খুশি না হওয়ার কথাও বলেন দলটির কোচ।
দেপোর্তিভোর সঙ্গে ড্রয়ের পরও ১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে বার্সেলোনা। ৩২ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে আছে। দুই দলই এক ম্যাচ কম খেলেছে।
