তুরের গোলে ম্যান সিটির নাটকীয় জয়
পঞ্চদশ স্থানে থাকা সোয়ানসি সিটির বিপক্ষে শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারাতে বসেছিল ম্যানচেস্টার সিটি। তবে যোগ করা সময়ে দলকে ২-১ ব্যবধানে নাটকীয় জয় এনে দেন ইয়াইয়া তুরে।
গত সপ্তাহে স্টোক সিটির মাঠে ২-০ গোলে হেরেছিল মানুয়েল পেল্লেগ্রিনির দল। সোয়ানসিকে হারিয়ে জয়ের পথে ফেরার পাশাপাশি প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
১৬ ম্যাচে সিটির পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটির পয়েন্টও ৩২, তবে গোল ব্যবধানে পিছিয়ে আসরের চমক জাগানো দলটি।
ইতিহাদে শনিবারের এই ম্যাচে প্রথম সুযোগ পায় সোয়ানসি। প্রতি-আক্রমণে দ্রুত উঠে আসা ব্রিটিশ মিডফিল্ডার ওয়েন রটলেজের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে সে যাত্রায় সিটিকে বাঁচান গোলরক্ষক জো হার্ট।
