রোনালদোর বার্সায় যাওয়া ‘প্রায় অসম্ভব’
রিয়াল মাদ্রিদ ছেড়ে বার্সেলোনা বা ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই ফরোয়ার্ড মনে করেন, তার কাম্প নউতে পাড়ি জমানো ‘প্রায় অসম্ভব’।
ভবিষ্যত নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “সব কিছুই উন্মুক্ত।” এরপর বার্সেলোনায় যোগ দেওয়া আর ইংল্যান্ডে ফেরার সম্ভাবনা ওঠা প্রশ্নে বার্তা সংস্থা এপিকে পর্তুগিজ তারকা নিজের ভাবনাটা জানান।
“কিছু বিষয় আছে, যেটা সম্পর্কে এরই মধ্যে আপনাদের কিছু ধারণা আছে। বার্সেলোনার হয়ে একদিন খেলা কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া ইংল্যান্ডের আর কোনো ক্লাবের হয়ে খেলা আমার জন্য প্রায় অসম্ভব। বিষয়টা খুবই জটিল।”
অবশ্য পেশাদার ফুটবলে যে সব সম্ভাবনাই থাকে, সেটাও মনে করিয়ে দেন রিয়ালের এই তারকা।
“কিন্তু এটা শতভাগ নিশ্চিত নয়। যেমনটা আমি আগেও বলেছি, ফুটবলে কোনো নিশ্চয়তা নেই। সব কিছুই উন্মুক্ত; সব লিগে।”
সান্তিয়াগো বের্নাবেউ ছেড়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও রোনালদো জানান রিয়ালের হয়ে শেষটা করতে চান তিনি।
“রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের শেষ করতে পারি। জানি না, আগামীকাল কি হবে।”
“আমি এগুলোর জন্য তৈরি। আমি রিয়ালে থাকতে প্রস্তুত, রিয়াল ছাড়তে প্রস্তুত, যখন সময় হবে তখন খেলা ছাড়তেও তৈরি। এটা আমার কাজেরই অংশ”, যোগ করেন তিনি।
