মালয়েশিয়াতে খুদে ফুটবলারদের ড্র
মালয়েশিয়ার সুপার মক কাপে প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। দ্বিতীয় ম্যাচে তারা স্বাগতিক দেশের দল জেয়োনসার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে জানায়, বুধবার মালয়েশিয়ার বুকিট জলির স্পোর্টস সেন্টার মাঠে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি আরাফাত, মমিনরা।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল ২-১ গোলে দক্ষিণ কোরিয়ার দল সিউল সিনড্যাপের কাছে হেরেছিল।
থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের সঙ্গে ড্র দিয়ে সুপার মক কাপ শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল দ্বিতীয় ম্যাচে হেরেছে। বুধবার বুকিট জলির স্পোর্টস সেন্টারে জাপানের দল গাম্বা ওসাকার কাছে ২-০ গোলে হেরে যায় জাকারিয়া বাবুর শিষ্যরা।
অনূর্ধ্ব-১৩ দলের কোচ জাকারিয়া হারের জন্য শিষ্যদের মনোযোগের ঘাটতির কথা বাফুফের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, “দল মনোনিবেশ করতে পারেনি, যে কারণে (ছেলেরা) সহজ সুযোগও নষ্ট করেছে এবং ভুল পাস দিয়েছে।”
