২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেসের মতো হতে চান আর্জেন্টিনার দিবালা

ইউভেন্তুসের হয়ে কার্লোস তেভেসের মতো সাফল্য পেতে চান পাওলো দিবালা। আর্জেন্টিনার এই ফরোয়ার্ড অবশ্য জানিয়েছেন, স্বদেশি তেভেসের সঙ্গে তার তুলনার সময়টা এখনও আসেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 02:09 PM

ইতালির শীর্ষ লিগ সেরি আতে গত শুক্রবার লাৎসিওর বিপক্ষে ইউভেন্তুসের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেন দিবালা। এ নিয়ে চলতি মৌসুমে ১৪ ম্যাচে সাত গোল করলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ম্যানচেস্টার সিটি ছেড়ে ২০১৩ সালে ইউভেন্তুসে যোগ দেওয়া তেভেসের সেরি আর শুরুর সময়টাও ছিল দিবালার মতো আলো ঝলমলে। দুটি লিগ শিরোপা এবং একটি করে ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়া জেতেন তেভেস।

এ বছরই ইউভেন্তুসে যোগ দেওয়া দিবালাও তেভেসের মতো সাফল্য পেতে চান।

“কার্লোস তেভেস অনেক জিতেছেন। আমি আশা করি, তার পদাঙ্ক অনুসরণ করতে পারব। যাই হোক। মৌসুম শেষেই কেবল আমার এবং তেভেসের তুলনা হতে পারে।”