নকআউট পর্বে আতলেতিকো, বেনফিকা
গালাতাসারাইকে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ ও এফসি আস্তানার সঙ্গে ড্র করে বেনফিকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে।
বুধবার রাতে ভিসেন্তে কালদেরনে তুরস্কের ঘরোয়া লিগের সেরা দল গালাতাসারাইকে
২-০ গোলে হারায় স্পেনের আতলেতিকো। আর আস্তানার মাঠে ২-২ গোলে ড্র করে পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা।
৫ ম্যাচে ১০ করে পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠেছে আতলেতিকো ও বেনফিকা। আগামী ৯ ডিসেম্বর বেনফিকা-আতলেতিকো ম্যাচটি এই দুই দলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
৫ ম্যাচ শেষে গালাতাসারাই (৪ পয়েন্ট) ও আস্তানা (৩ পয়েন্ট) তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার সুযোগ পাওয়ার জন্য লড়বে।
নিজেদের মাঠে ত্রয়োদশ মিনিটে আন্তোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে গাবির ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ফ্রান্সের এই ফরোয়ার্ড।
৬৫তম মিনিটে গাবি-গ্রিজমানের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করে নেয় স্পেনের দলটি। প্রতিপক্ষের পোস্টের খুব কাছাকাছি থাকা গ্রিজমান সহজেই গাবির ক্রস থেকে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত ২-০ স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে দিয়েগো সিমেওনের শিষ্যরা।
