২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুর কাদেরকে বাফুফের নোটিশ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যক্রম নিয়ে বিধিবহির্ভূত মন্তব্য করার অভিযোগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 10:39 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

শনিবার জরুরি সভায় বাফুফে এই সিদ্ধান্ত নেয়। চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এই দুইজনকে জবাব দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
 
গত অক্টোবরের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নেয়নি লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। ওই আসর শুরুর আগে বাফুফের কর্মকর্তাদের সম্পর্কে বাজে মন্তব্য করেন দলটির সভাপতি মনজুর কাদের।
 
১৭ নভেম্বর বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগের দিন জাতীয় দলে খেলা শেখ জামালের ফুটবলাদের ক্লাবের অনুষ্ঠানে নিয়ে যান মনজুর কাদের।
 
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সে সময় জানিয়েছিলেন, ‘জোরাজুরি’ করে মামুনুলদের নিয়ে যান শেখ জামালের সভাপতি।
 
শনিবার জরুরি সভা শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “(শোকজ নিয়ে) সিদ্ধান্তগুলো যা হয়েছে, তা আইন মেনেই হয়েছে। সবকিছু নিয়মমাফিক হবে।”
 
বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, “অনেক দিন ধরেই শেখ জামাল সভাপতি মনজুর কাদের ও মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূইয়া বাফুফের কার্যক্রম নিয়ে বিধিবহির্ভূত ও অসত্য বক্তব্য দিয়ে আসছেন। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগের দিন তিনি (মনজুর) খেলোয়াড়দের ডেকে নিয়ে গেছেন, যা আইনের পরিপন্থী। তাদের এই আচরণের কারণে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এর জন্য তাদেরকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে।”
 
“গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য তাদের ব্যাখ্যা বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে”, যোগ করেন মুর্শেদী।
 
কারণ দর্শানোর চিঠি পাওয়ার প্রসঙ্গে মোহামেডানের ডিরেক্টর ইন চার্জ লোকমান ভূইয়া বলেন, “শোকজ লেটার এখনও পাইনি। পেলে এ নিয়ে কথা বলব।”
 
শেখ জামাল সভাপতিকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।