রোনালদোকে রিয়াল ছাড়ার পরামর্শ
ক্রিস্তিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ দিয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোয়ান লাপোর্তা। অন্য কোনো ক্লাবে যেতে চাইলে পর্তুগালের এই তারকা ফরোয়ার্ডের জন্য এটাই সঠিক সময় বলে মনে করেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদো স্পেনের সফলতম ক্লাব রিয়ালে নাম লেখান ২০০৯ সালে। কয়েকটি মৌসুম যেতে না যেতেই রোনালদোর অন্য কোথাও চলে যাওয়ার গুঞ্জন ওঠে। রিয়ালে সুখেই আছেন বলে বরাবরই রোনালদো বিষয়টি এড়িয়ে যান।
রোনালদোকে ঘিরে সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে। বিশেষ করে সান্তিয়াগো বের্নাবেউতে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে পিএসজির বিপক্ষে রিয়ালের ১-০ গোলে জয়ের পর। ম্যাচটি শেষে রোনালদো পিএসজির কোচ লরা ব্লাঁর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেছিলেন।
ইংলিশ প্রিমিয়ার লিগসহ এখন প্রায় সব দেশেই ট্রান্সফার মার্কেটের অবস্থা ভালো বলে মনে করেন তিনি।
“মাদ্রিদে সে অনেক বছর কাটিয়েছে এবং হয়ত সে অন্য পথ খুঁজবে। খেলোয়াড়রা সেরা চুক্তির খোঁজে থাকে।…এর জন্য সঠিক বয়সে আছে সে।”
