ফিলিপাইনে সিদ্দিকুরের বাজে শুরু
রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে প্রথম দিনটা ভালো কাটেনি সিদ্দিকুর রহমানের। যৌথভাবে ৮৪তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
ফিলিপাইনের ম্যানিলা সাউথউডস গলফ ও কান্ট্রি ক্লাবে বৃহস্পতিবার প্রথম দিনে চারটি বার্ডি ও ছয়টি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট বেশি খেলে ১৭ জনের সঙ্গে যৌথভাবে ৮৪তম স্থানে রয়েছেন তিনি।
এশিয়ান ট্যুরের আগের দুই আসরে শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হন সিদ্দিকুর। ভারতের প্যানাসনিক ওপেনে দ্বিতীয় হন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
সর্বশেষ সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্ল্যাসিক ওপেনে তৃতীয় রাউন্ডে শীর্ষে থাকা সিদ্দিকুর চতুর্থ রাউন্ডের ব্যর্থতায় টুর্নামেন্ট শেষ করেন ৩০তম স্থানে থেকে।
