২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচকে হারিয়ে সেমিতে ফেদেরার

রজার ফেদেরারের কাছে হেরে নোভাক জোকোভিচের ইনডোরে তিন বছরের অজেয় যাত্রা থামল। সার্বিয়ান তারকাকে হারিয়ে বছরের শেষ টুর্নামেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে উঠে গেছেন সাবেক এক নম্বর খেলোয়াড় ফেদেরার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 06:43 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

মঙ্গলবার রাতে ৭-৫, ৬-২ গেমে জিতে এক ম্যাচ বাকি থাকতে সেমি-ফাইনালে উঠেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইজারল্যান্ডের এই খেলোয়াড়।
 
লন্ডনে বছর শেষের এই টুর্নামেন্টের আগের তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। ইনডোরে তিনি সর্বশেষ হেরেছিলেন ২০১২ সালে। 
 
চলতি বছর এ নিয়ে ছয় ম্যাচ হারলেন জোকোভিচ; যার মধ্যে ফেদেরারের কাছেই তিন বার। দুজনের দ্বৈরথে ২২-২১ –এ এগিয়ে থেকে বছর শেষ করলেন ফেদেরার।
 

ফেদেরারের কাছে হারলেও সেমি-ফাইনালে খেলার সুযোগ থাকছে জোকোভিচের সামনে; এ লক্ষ্যেই টমাস বার্ডিচের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে নামবেন তিনি। মঙ্গলবার বার্ডিচকে ৭-৫, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছেন কেই নিশিকোরিও। গ্রুপের শেষ রাউন্ডে ফেদেরারের মুখোমুখি হবেন জাপানের এই টেনিস তারকা।