নিরাপত্তা ঝুঁকিতে বাতিল জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচ
নিরাপত্তা নিয়ে শঙ্কায় জার্মানি ও নেদারল্যান্ডসের মধ্যে প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
জার্মানির হ্যানোভারের এইচডিআই অ্যারেনায় মঙ্গলবার রাতে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে ম্যাচ শুরুর দুই ঘণ্টারও কম সময় আগে আয়োজকরা উপস্থিত দর্শক ও সাংবাদিকদের স্টেডিয়াম ছাড়তে বলে।
হ্যানোভারের পুলিশ তাদের ফেইসবুক পেইজেও ম্যাচটি বাতিলের ঘোষণা দেয়। সাংবাদিকরা অনলাইনে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে জানায়, তাদের স্টেডিয়াম ছাড়তে বলা হয়েছে।
ফ্রান্সের প্রতি সংহতি জানাতে জার্মান চান্সেলর আঙ্গেলা মেরকেল এবং জার্মানি ও নেদারল্যান্ডসের কয়েকজন মন্ত্রীর স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখার কথা ছিল।
গত শুক্রবার রাতে প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হয়। এ সময় স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামের বাইরেও আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। স্টেডিয়ামে তখন জার্মানি ও ফ্রান্সের মধ্যে প্রীতি ম্যাচ চলছিল।
খেলোয়াড়রা ম্যাচ শেষে প্যারিসে ভয়াবহ হত্যাকাণ্ডের খবর জানতে পারে। জার্মান খেলোয়াড়, কোচিং স্টাফ ও অনান্য কর্মকর্তাদের রাতটা স্টেডিয়ামেই কাটাতে হয়।
প্যারিসে সন্ত্রাসী হামলার পর ইউরোপের বিভিন্ন শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ব্রাসেলসে মঙ্গলবারের স্পেন ও বেলজিয়ামের মধ্যে প্রীতি ম্যাচ নিরাপত্তা নিয়ে শঙ্কায় আগের দিন বাতিল করা হয়েছিল।
