চার গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন মিনহাজ
জাতীয় দাবার এবারের আসরে দারুণ চমক দেখিয়েছেন মিনহাজ উদ্দিন। চার গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন এই আন্তর্জাতিক মাস্টার।
জাতীয় ক্রীড়া পরিষদে মঙ্গলবার ত্রয়োদশ ও শেষ রাউন্ডের খেলায় সাইফুল ইসলাম চৌধুরীকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন মিনহাজ।
এ নিয়ে জাতীয় দাবায় দ্বিতীয়বারের মতো সেরা হলেন মিনহাজ। ২০১০ সালের প্রথমবার শিরোপা জিতেছিলেন তিনি।
ত্রয়োদশ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব দেবরাজ চ্যাটার্জিকে হারান। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব পরাগের বিপক্ষে ম্যাচে ওয়াকওভার পান।
১০ করে পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন রাকিব ও রাজীব। আগামী বুধবার দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবেন দুজনে।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ তৈয়বুর রহমানের সঙ্গে এবং দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান আবু সুফিয়ান শাকিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন। ৯ পয়েন্ট নিয়ে নিয়াজ চতুর্থ আর ফাহাদ ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকে এ আসর শেষ করেন।
গত আসরের চ্যাম্পিয়ন জিয়াউর রহমান এবার হতাশ করেছেন। শেষ রাউন্ডে মাহতাব উদ্দিনের বিপক্ষে জিতলেও সাড়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেন এই গ্র্যান্ডমাস্টার।
জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নেন।
