নেইমারদের কক্ষপথে ফেরার লড়াইয়ে বাধা উজ্জীবিত পেরু
হার দিয়ে বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু করার পর ধীরে ধীরে নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কক্ষপথে ফেরার লড়াইয়ে বাধা এবার পেরু।
দুরন্ত নেইমারে ভর করে নিজেদের মাটিতে এই ম্যাচ থেকে কোনো পয়েন্ট হারাতে চায় না দুঙ্গার দল। তবে কাজটি ততটা সহজও হবে না। সবশেষ ম্যাচে জয় পাওয়া পেরুও আত্মবিশ্বাসে টইটম্বুর। সম্প্রতি শিষ্যদের অসাধারণ ফর্ম দেশটির কোচকে ব্রাজিলকে রুখে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
ব্রাজিলের সালভাদরের ফন্তে নোভায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়।
তবে নিজেদের মাঠে খেলা বলে দর্শকদের চাপের কথাটাও মাথায় রাখছেন দুঙ্গা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, “সমর্থকরা জানে, দলকে সমর্থন দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কখনও কখনও গোল শুধু দ্বিতীয়ার্ধে আসে।… চাপ সৃষ্টি না করে আমাদের ধৈর্য ধরতে হবে। সমর্থকদের সুবিবেচক হতে হবে।”
দুঙ্গার সঙ্গে কণ্ঠ মেলান ডিফেন্ডার দানি আলভেস।
“আমি প্রাণশক্তিতে বিশ্বাস করি এবং ব্রাজিলে প্রাণশক্তি সব সময়ই বেশি।… কিন্তু আমাদের দেশের মানুষ অনেক সমালোচনা করে এবং খুব একটা ধৈর্যশীল নয়।”
চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে দুঙ্গার দল। ব্রাজিল কোচ পেরু ম্যাচে নিজেদের চাওয়ার কথা স্পষ্ট করেই বলেন।
“আর্জেন্টিনায় ফল ভালো ছিল। এখন আমাদের খেলায় উন্নতি করতে হবে এবং পেরুর বিপক্ষে আরও ভালো খেলতে হবে।”
পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকতে জয়ের কোনো বিকল্প নেই ব্রাজিলের। তিন ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে চতুর্থ স্থানে আছে ব্রাজিল।
এই অঞ্চল থেকে ২০১৮ বিশ্বকাপে সরাসরি চারটি দল খেলবে। পঞ্চম স্থানে থাকা দলটির প্লে-অফ খেলে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। দুঙ্গা অবশ্য তিন-চার রাউন্ডেই প্রতিযোগিতার শেষ দেখছেন না।
“আমরা শুরুতে আছি। প্রতিযোগিতা অনেক লম্বা হবে, সব সময়ের মতো জটিলও হবে।”
কাঙ্ক্ষিত জয় পাওয়ার জন্য ব্রাজিল তাকিয়ে থাকবে নেইমারের দিকে। নিষেধাজ্ঞার কারণে ব্রাজিলের হয়ে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে ফিরলেও আলো ছড়াতে পারেননি বার্সেলোনার হয়ে এ মৌসুমে অসাধারণ খেলতে থাকা নেইমার।
পেরুর কোচ রিকার্দো গারেসাও মানছেন, নেইমারকে রোখা কঠিন। তবে ব্রাজিল শুধু এক জনের দল নয় বলেও উল্লেখ করেন তিনি।
“নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু ব্রাজিলের দারুণ খেলোয়াড় আরও আছে। বার্সেলোনা তারকার মতো মান তাদেরও আছে। আমরা শুধু তার উপর মনোযোগ দিতে পারি না।”
কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করে পেরু। দ্বিতীয় ম্যাচেও চিলির কাছে হারে তারা। তবে ম্যাচটি ৪-৩ গোলে হারার আগে বেশ লড়াই করে গারেসার দল। তৃতীয় ম্যাচে অবশ্য প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় পেরু।
সবশেষ দুটি ম্যাচে ভালো করার প্রেরণা নিয়েই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে পেরু। আর এই আত্মবিশ্বাস থেকেই ভালো কিছুর স্বপ্ন দেখছে তারা।
