স্ট্রাইকার শূন্যতায় পয়েন্ট হারাল ম্যান সিটি
সের্হিও আগুয়েরো অনেক দিন ধরেই মাঠের বাইরে। তার জায়গায় নামা উইলফ্রেদ বোনিও ম্যাচের শুরুতে চোট পেয়ে ছিটকে পড়লেন। অ্যাস্টন ভিলার রক্ষণে চাপ ধরে রাখলেও তাই স্ট্রাইকার শূন্যতায় গোল মিলল না ম্যানচেস্টার সিটির। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়ে ফিরেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।
রোববারের এই ড্রয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে সিটি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। এক পয়েন্ট পিছিয়ে থাকা আর্সেনাল এক ম্যাচ কম খেলেছে।
মাঝমাঠে রাহিম স্টার্লিং ও ইয়াইয়া তুরেদের বোঝাপড়ায় সিটি আক্রমণাত্মক শুরু করলেও বারবারই এক জন ফিনিশারের অভাব স্পষ্ট হয়ে ওঠে।
ষষ্ঠদশ মিনিটে এগিয়ে যেতে পারতো ইতিহাদের দলটি, তবে ভাগ্য সহায় হয়নি। সার্ব ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বলে খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফের্নান্দো।
২৫তম মিনিটে বড় ধাক্কাটা খায় সিটি; চোট পেয়ে মাঠ ছাড়েন কোত দি ভোয়ার স্ট্রাইকার উইলফ্রেদ বোনি। পরিবর্তে নামেন স্প্যানিশ মিডফিল্ডার হেসুস নাভাস। বাকিটা সময় স্ট্রাইকার ছাড়াই খেলে অতিথিরা।
