দিল্লিতে দারুণ খেলে দুইয়ে সিদ্দিকুর
২০১৩ সালের পুনরাবৃত্তির স্বপ্নই দেখাচ্ছেন সিদ্দিকুর রহমান। ভারতের নয়া দিল্লিতে প্যানাসনিক ওপেনের তৃতীয় রাউন্ডে দারুণ খেলে দুইয়ে উঠে এসেছেন বাংলাদেশের এই গলফার।
দিল্লি গলফ ক্লাবে শনিবারের দিনটি সিদ্দিকুর পার করেন কোনো বোগি (পারের চেয়ে এক শট বেশি) না করেই। তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করে শীর্ষে থাকা চিরাগ কুমারের সঙ্গে ব্যবধানও কমান তিনি।
সব মিলিয়ে পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে রয়েছেন স্বাগতিক দেশের চিরাগ; তৃতীয় রাউন্ডের পারের সমান শট খেলেন ভারতের এই গলফার।
দিল্লির এই কোর্সেই ২০১৩ সালের নভেম্বরে এশিয়ান ট্যুরের দ্বিতীয় শিরোপা জেতা সিদ্দিকুর পারের চেয়ে মোট ১০ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন।
দ্বিতীয় রাউন্ডের খেলায় দুটি বোগি ও চারটি বার্ডি করে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন সিদ্দিকুর।
চার লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন তৃতীয় রাউন্ডে শেষ করেন যৌথভাবে তৃতীয় স্থানে থেকে।
তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেন জামাল; সব মিলিয়ে পারের চেয়ে আট শট কম খেলেন তিনি।
জামাল তৃতীয় রাউন্ডে একটি করে বোগি ও ডাবল বোগি (পারের চেয়ে দুই শট বেশি) করেন। তবে পাঁচটি বার্ডি করায় পিছিয়ে পড়তে হয়নি তাকে।
