২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে আর্চারিতে সেরা আটে রোমান

থাইল্যান্ডে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন রোমান সানা। রিকার্ভ বোয়ের পুরুষ বিভাগে সেরা আটে উঠেছেন বাংলাদেশের এই তিরন্দাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:18 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

বাংলাদেশ আর্চারি ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সেরা ষোলোর লড়াইয়ে চীনের হুয়াং রুইকে ৬-৪ সেটে হারান রোমান। সেরা চারে উঠে যে কোনো একটি পদক নিশ্চিত করার লড়াইয়ে শুক্রবার জাপানের কাওয়াতা ইউকির বিপক্ষে খেলবেন তিনি।
 
রিকার্ভ বোয়ের পুরুষ বিভাগে হতাশ করেছেন বাংলাদেশের বাকি খেলোয়াড়রা। সেরা ২৪ থেকে শেখ সজীব, মোহাম্মদ জাবেদ আলম ও সেরা ৪৮ থেকে মোহাম্মদ মিজানুর রহমান বিদায় নিয়েছেন।
 
রিকার্ভ বোয়ের মহিলা বিভাগে কোরিয়ার চেং হাইয়ের কাছে ৭-৩ সেটে হেরে সেরা ১৬ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের শ্যামলী রায়। এ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন মাথুই প্রু মারমা, হীরামণি, নাজনীন খাতুন।
 
রিকার্ভ বোয়ের মিশ্র দলগত ইভেন্টে চীনের কাছে ৬-০ সেটে হেরে নবম হয়েছে বাংলাদেশ। 
 
কম্পাউন্ড বোয়ের পুরুষ বিভাগে হতাশ করেছেন বাংলাদেশের তিরন্দাজরা। সেরা ২৪ থেকে বিদায় নিয়েছেন আনোয়ারুল কাদের, রামকৃষ্ণ সাহা, ইহসান আহমেদ ও সুমন কুমার দাস।
 
কম্পাউন্ড বোয়ের মহিলা বিভাগে সুস্মিতা বণিক, রোকসানা আক্তার, তামান্না পারভীন ও মিতু সেরা ১৬ থেকে বিদায় নেওয়ায় এ ইভেন্টে পদকের আশা গুঁড়িয়ে গেছে।
 
কম্পাউন্ড বোয়ের মিশ্র দলগত বিভাগে মালয়েশিয়ার কাছে ১৪৫-১৩৫ পয়েন্টে হেরে নবম হয়েছে বাংলাদেশ।