২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টার্নিং পয়েন্ট’ সমতায় ফেরা গোল

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। দলটির কোচ এই জয়ের পেছনে সমতায় ফেরা গোলটিকেই বড় করে দেখছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 12:47 AM

Updated : 25 Apr 2022, 02:04 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কলকাতার দল ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। একাদশ মিনিটে অভিনব বাগের গোলে এগিয়ে যায় অতিথিরা। প্রথমার্ধের যোগ করা সময়ে মিঠুন চৌধুরীর মাপা চিপে হেড করে দলকে সমতায় ফেরান এলিটা কিংসলে।
 
প্রতিক্রিয়া দিতে এসে কিংসলের প্রথম গোলটিকেই ম্যাচের গতি প্রকৃতি বদলে দেওয়ার মুহূর্ত বলে জানান চট্টগ্রাম আবাহনী কোচ শফিকুল ইসলাম মানিক।
 
“গোল খাওয়ার পরের ১৫-২০ মিনিট আমরা ভালো করতে পারিনি। আমাদের কিছু গোলের সুযোগও শুরুতে নষ্ট হলো। ওরা হাফ চান্স থেকে গোল করে এগিয়ে গেল। এরপর আমরা ম্যাচে ফিরেছি। আমার মনে হয়েছে, কিংসলের প্রথম গোলটিই ম্যাচের টার্নিং পয়েন্ট।”
 
দ্বিতীয়ার্ধে কিংসলে ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের গোলে ইস্ট বেঙ্গলের কাছে গ্রুপ পর্বের হারের প্রতিশোধও নিয়েছে চট্টগ্রাম আবাহনী। তবে মানিকের দাবি, সেরা দল হিসেবেই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নেমে বাজিমাত করেছে তার দল। 
 
“সেরা দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এক গোল খেয়েও ইস্ট বেঙ্গলের মতো শক্তিশালী দলকে হারানো কিন্তু বড় ব্যাপার। তারা প্রস্তুতি নিয়ে এসেছিল। এ সাফল্যের সব কৃতিত্ব ছেলেদেরই দেব আমি।”
 
আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের নামের এই আসরের শিরোপা তার ছোট ভাই শেখ রাসেলকে উৎসর্গ করেছেন মানিক।
 
“আমাদের এই জয়ে শেখ রাসেলেরও (ক্রীড়া চক্র) অবদান আছে। আমার এই দলে তাদেরও অনেক খেলোয়াড় আছে। আমি এই সাফল্য শেখ রাসেলকে উৎসর্গ করছি।”
 
শুক্রবার এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভরে উঠেছিল। মানিক জানান, গ্যালারি ভরা দর্শকের সামনে খেলতে কোনো চাপ অনুভব করেনি তার শিষ্যরা, “আগেও বলেছি, দর্শক আমাদের জন্য আশীর্বাদ। মাঠে এসে দলকে সমর্থন দেওয়ায় তাদের ধন্যবাদ।”
 
কোচ হিসেবে এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পেলেও এই আসরের প্রাপ্তিকেই বড় করে দেখছেন মানিক, “কোচ হিসেবে এটা আমার জন্য সেরা টুর্নামেন্ট এবং সেরা ট্রফিও।”