ড্রয়ের গণ্ডিতেই লিভারপুল
সাফল্যের প্রত্যাশায় জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপকে এনেও কাজের কাজ কিছুই হচ্ছে না লিভারপুলের। ড্রয়ের গণ্ডি থেকেই যে বের হতে পারছে না তারা। সবশেষ সাউথ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ‘অল রেডস’ নামে পরিচিত দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের এটা টানা তৃতীয় এবং সব প্রতিযোগিতা মিলে টানা পঞ্চম ড্র।
সবশেষ গত ২৬ সেপ্টেম্বর লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতেছিল লিভারপুল। ওই সময় দলটির কোচের দায়িত্বে ছিলেন ব্রেন্ডন রজার্স।
লিভারপুলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত জয় পেলেন না বরুসিয়া ডর্টমুন্ডকে টানা দুইবার জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার শিরোপা জেতানো ক্লপ। তার অধীনে লিভারপুলের এটা তৃতীয় ড্র।
রোববার লিভারপুরে অ্যানফিল্ডে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেরও অনেকটা সময় গোলের দেখা পায়নি কোনো দল।
অবশেষে ৭৭তম মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য পায় লিভারপুল। ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনারের ক্রসে চমৎকার হেডে বল জালে জড়ান কঙ্গোর স্ট্রাইকার ক্রিস্তিয়ান বেনতেকে।
৮৬তম মিনিটে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে সাউথ্যাম্পটনকে সমতায় ফেরান সেনেগালের মিডফিল্ডার সাদিও মানে।
বাকি সময়ে স্বাগতিকরা গোল পেতে মরিয়া হয়ে উঠলেও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারনি।
যোগ করা সময়ের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন সাদিও মানে। প্রতিপক্ষে এক জন কম হলেও শেষ মুহূর্তে সে সুযোগ আর কাজে লাগাতে পারেনি লিভারপুল।
এই ড্রয়ের পর ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে সাউথ্যাম্পটন।
এর আগে দুই ম্যানচেস্টারের লড়াই গোলশূন্য সমতায় শেষ হয়। অবশ্য ইউনাইটেডের সঙ্গে ড্র করেই ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে মানুয়েল পেল্লেগ্রিনির সিটি।
আর্সেনালের পয়েন্টও সিটির সমান ২২, তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
