২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ আবাহনীর লড়াইয়ে চট্টগ্রামের জয়

দুই আবাহনীর লড়াইয়ে জিতেছে চট্টগ্রামের দলটি। ১-০ গোলের এই জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নও বেঁচে থাকল টুর্নামেন্টের স্বাগতিকদের।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 10:18 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ৪৬তম মিনিটে ফ্রি-কিক থেকে জাহিদের গোলটিই শেষ পর্যন্ত স্বাগতিকদের প্রথম জয় নিশ্চিত করে।

‘বি’ গ্রুপে দুই ম্যাচে তিন করে পয়েন্ট পেয়েছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। করাচিকে ৩-২ গোলে হারিয়ে এই আসর শুরু করে অমলেশ সেনের ঢাকা আবাহনী। আর নিজেদের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছিল শফিকুল ইসলাম মানিকের দল।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধে আক্রমণের চেয়ে বল পায়ে রাখায় মনোযোগী দুই দল কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। সপ্তম মিনিটে প্রথম আক্রমণে যায় ঢাকা আবাহনী; কেস্টার আকনের বাড়ানো বলে সানডে চিজোবা শট নিলেও বাইরে দিয়ে উড়ে যায়।

পাঁচ মিনিট পর চট্টগ্রাম আবাহনীর জাহিদের দূরপাল্লার শট সরাসরি গোলরক্ষক জিয়াউর রহমানের গ্লাভসে যায়। একটু পরই প্রতিপক্ষের তিন ফুটবলারকে কাটিয়ে জাহিদের তৈরি করে দেওয়া সুযোগটি উড়িয়ে মেরে নষ্ট করেন এলিটা কিংসলে।

রাসেল মাহমুদ দৃঢ়তায় ১৯ ও ২১তম মিনিটে দুটি আক্রমণের কোনোটিই কাজে লাগাতে পারেনি ঢাকা আবাহনী। আকন ও চিজোবার শট রুখে দেন শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে ধারে খেলতে আসা এই গোলরক্ষক।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি পেয়েছিল বন্দরনগরীর দলটি। ৩১তম মিনিটে জাহিদের কর্নার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস হয়ে বল পেয়ে যান ইকো স্টিভ টমাস; ক্যামেরুনের এই ফরোয়ার্ডের শট গোললাইন থেকে ফেরান নাসিরুল ইসলাম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই তৈরি করা সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। জাহিদের দারুণ ফ্রি-কিক জিয়াকে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে পায়।

৭৫তম মিনিটে ইমন মাহমুদের শট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ঢাকা আবাহনী সমর্থকদের হতাশা আরও বাড়ে। ৮১তম মিনিটে ইমনকে তুলে নিয়ে ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদকে নামায় সমতায় ফিরতে মরিয়া থাকা ঢাকার দলটি।

শেষ দিকে এগিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী রক্ষণে বেশি মনোযোগ দেয়। যোগ করা সময়ে প্রতি আক্রমণে যাওয়া জাহিদকে মামুন মিয়া ফাউল করলে ফ্রি কিক পায় স্বাগতিকদের। জাতীয় দলের এই ফরোয়ার্ডের শট এবার পোস্টের ওপর দিয়ে উড়ে গেলেও টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পায় চট্টগ্রামের দলটি।