নেইমার-রাকিতিচে খুশি এনরিকে
লিওনেল মেসির অনুপস্থিতিতে ম্যাচ জেতানো নতুন নায়কের দেখা পেয়েছে বার্সেলোনা। বাতে বরিসভের বিপক্ষে ইভান রাকিতিচের জোড়া গোলের নৈপুণ্যে লুইস এনরিকের আনন্দ হয়েছে দ্বিগুণ। দুটি গোলেই অবদান রাখা পার্শ্ব-নায়ক নেইমারের পারফরম্যান্সেও সন্তুষ্ট বার্সেলোনা কোচ।
ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার রাকিতিচের নৈপুণ্যে বরিসভকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপে তাদের শীর্ষে অবস্থান শক্ত হলো।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে প্রায় পুরোটা সময় জুড়েই চমৎকার খেলেন গত শনিবার লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে একাই ৪ গোল করা নেইমার। বরিসভের জালে অবশ্য বল জড়াতে পারেননি তিনি। তবে দ্বিতীয়ার্ধে হওয়া দুটি গোলেই ছিল তার প্রত্যক্ষ অবদান।
৪৮তম মিনিটে নেইমারের পাস পেয়েই ডি-বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে প্রথম গোলটি করেন রাকিতিচ। এর ১৬ মিনিট পর দ্বিতীয় গোলের উৎস ছিল নেইমার জাদু। বল নিয়ে এগিয়ে ব্রাজিল তারকা রক্ষণ-চেরা পাস দেন রাকিতিচকে। তা থেকেই ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন তিনি।
এই মৌসুমে ক্লাবের হয়ে এদিনই প্রথম গোলের দেখা পেলেন রাকিতিচ। প্রয়োজনের সময় তার জ্বলে ওঠায় খুশি এনরিকে।
“এই দুই গোল রাকিতিচের জন্য এবং দলের জন্য সুফল বয়ে এনেছে। যত বেশি খেলোয়াড় গোল করবে তত ভালো এবং বার্সার মতো একটা দল সব সময় সুযোগ তৈরি করে।"
নেইমারের প্রশংসায় নতুন করে কিছু বলেননি এনরিকে। তার মতে, নেইমার তো সবসময়ই এমন সেরা।
“নেইমার? আমি সবসময়ই নেইমারকে এমন ভালো খেলতে দেখেছি। ... তার উপর নতুন করে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই।"
সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ আট ম্যাচে এবারই প্রথম বার্সেলোনার জালে বল জড়ায়নি। কোনো গোল না খেয়ে জয় পাওয়ায় এনরিকের আনন্দ আরেকটু বেড়েছে।
“রক্ষণে আমাদের ভুগতে হয়নি কারণ আমরা (প্রথম থেকেই প্রতিপক্ষের সীমানায়) চাপ তৈরি করেছি। পুরো দল ভালো করেছে। এই জয় আমাদের শক্তিশালী করছে। গোল না খেয়ে জেতা এবং গ্রুপের অন্য ম্যাচ ড্র হওয়ায় আমাদের অবস্থান মজবুত হয়েছে।"
বেয়ার লেভারকুজেন ও রোমার মধ্যে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।
