২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমণভাগের ব্যর্থতায় চেলসির ড্রয়ের সান্ত্বনা

ম্যাচের অধিকাংশ সময় প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও আক্রমণভাগের ব্যর্থতায় জয়ের পথে ফিরতে পারেনি চেলসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এবার দিনামো কিয়েভের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2015, 03:18 AM

Updated : 25 Apr 2022, 02:01 PM

গ্রুপের প্রথম ম্যাচে মাকাবি তেল আবিবকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া চেলসি দ্বিতীয় রাউন্ডে পোর্তোর মাঠে ২-১ গোলে হেরে গিয়েছিল।

মঙ্গলবার রাতে শুরু থেকেই প্রতিপক্ষের সীমানায় চাপ বাড়াতে থাকে চেলসি। একের পর এক আক্রমণে কিয়েভের রক্ষণকে কোণঠাসা করে রাখে অতিথিরা।

প্রথম ১০ মিনিটে দুর্দান্ত তিনটি আক্রমণ করে মরিনিয়োর দল। কিন্তু সাফল্যের দেখা মেলেনি। ষষ্ঠ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সেস ফাব্রেগাস। দুই মিনিট পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর দশম মিনিটে এডেন হ্যাজার্ডের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে।

২০তম মিনিটে চেলসি শিবিরে ফের হতাশা জেকে বসে, দুজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে নেমানিয়া মাতিচের শট পোস্টের কোল ঘেষে চলে যায়। ৩৫তম মিনিটে সুযোগ নষ্ট করেন গ্যারি কাহিল, তার দুর্বল হেড সহজেই ঠেকিয়ে দেন গোলরক্ষক। 

প্রথমার্ধের অধিকাংশ সময় খেলার নিয়ন্ত্রণ চেলসির থাকলেও মাঝে মধ্যে পাল্টা আক্রমণে উঠছিল স্বাগতিকরাও। কিন্তু ব্যর্থতার গণ্ডি থেকে তারাও বের হতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও ভাগ্যের ফেরে ব্যর্থ হয় ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকা উইলিয়ানের আরেকটি প্রচেষ্টা। ২২ গজ দূর থেকে নেওয়া তার ফ্রি-কিক পোস্টে বাধা পায়।

৬৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে চেলসিকে চমকে দেওয়ার সুযোগ পেয়েছিল কিয়েভ। দুজনকে কাটিয়ে ইউক্রেনের ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেঙ্কো সতীর্থ দেরলিস গনসালেসকে পাস দেন। বল পায়ে খানিকটা এগিয়ে প্যারাগুয়ের এই স্ট্রাইকার দুরূহ কোণ থেকে দারুণ শট নেন। কিন্তু সেটা আরও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক আসমির বেগোভিচ।

৭০তম মিনিটে ফের সুযোগ পায় স্বাগতিকরা। কিন্তু গনসালেসের পাসটি কাজে লাগাতে পারেননি ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দোমাগোই ভিদা।

৮০তম মিনিটে কিয়েভের আরেকটি দুর্দান্ত প্রতি-আক্রমণ এবং চেলসি গোলরক্ষকের আরেকটি দারুণ সেভ। ডি-বক্সের বাইরে থেকে গনসালেসের বিদ্যুৎ গতির শট ঠেকিয়ে দেন বসনিয়ার গোলরক্ষক।

ম্যাচের একেবারে শেষ দিকে উইলিয়ানের শট ডান পোস্টের গা ঘেঁষে চলে গেলে গোল ছাড়াই শেষ হয় লড়াইটি।

এই ড্রয়ের পর তিন ম্যাচে চেলসির পয়েন্ট হলো ৪। তবে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তৃতীয় স্থানেই আছে তারা। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কিয়েভ।

গ্রুপের অন্য ম্যাচে মাকাবি তেল আবিবকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে পর্তুগালের ক্লাব পোর্তো। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৭। আর সবকটি ম্যাচে হারা তেল আবিবের পয়েন্ট শূন্য।

অন্যদিকে, ‘এইচ’ গ্রুপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রাশিয়ার ক্লাব জেনিত। তারা ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্সের ক্লাব লিওঁকে।

এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো জেনিতের। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে লিওঁ।

এই গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ঘেন্টকে ২-১ গোলে হারিয়েছে ভালেন্সিয়া। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্প্যানিশ ক্লাবটি। ঘেন্টের পয়েন্ট ১।