২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পেনাল্টি মিসের পরও মেসি অন্য গ্রহের'

আরও একবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া লিওনেল মেসির পাশেই আছেন লুইস এনরিকে। লেভান্তের বিপক্ষে স্পট কিক থেকে গোল না করতে পারলেও বার্সেলোনা ফরোয়ার্ড 'অন্য গ্রহের ফুটবলার'ই আছেন বলে উল্লেখ করেন তার কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 01:19 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

কাম্প নউতে রোববার লেভান্তের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন মেসি। সঙ্গে একটি গোলে রাখেন অবদান। 
 
ম্যাচে দুটি পেনাল্টি পায় বার্সেলোনা। প্রথমটি থেকে গোল করেন মেসি। তবে তার নেওয়া দ্বিতীয় পেনাল্টিটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। 
 
সবশেষ নেওয়া ১২টি পেনাল্টিতে এটা মেসির ষষ্ঠবারের ব্যর্থতা। আর ক্যারিয়ারে পঞ্চদশবারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি। 
 

লা লিগার গত ১০ মৌসুমে মেসির চেয়ে পেনাল্টি মিস আর কেউ করেনি। তার সমান ৬ বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া আরেক খেলোয়াড় হলেন ভালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদো।  ম্যাচ শেষে মেসির পেনাল্টি মিস নিয়ে কথা বলতে হয় বার্সেলোনা কোচকে। এনরিকে তার দলের সেরা খেলোয়াড়ের পাশেই দাঁড়ান।   "পেনাল্টি মিস মেসিকে মানুষের কাতারে ফেলবে না। এরপরও সে ২ গোল করেছে এবং একটি গোলে সহায়তা করেছে।"