পিএসজির জয়ে দি মারিয়ার গোল
জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে পিএসজি। ফরাসি লিগ চ্যাম্পিয়নরা সহজেই হারিয়েছে মালমোকে।
'এ' গ্রুপের ম্যাচে সুইডেনের মালমোর বিপক্ষে পিএসজির ২-০ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন আনহেল দি মারিয়া ও এদিনসন কাভানি।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। নতুন দলের হয়ে প্রথম গোল করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দি মারিয়া।
শুরুতেই এগিয়ে যাওয়া পিএসজি দাঁড়াতেই দেয়নি বাছাই পর্ব পার হয়ে আসা মালমোকে। তবে প্রথমার্ধে আর গোল পায়নি স্বাগতিকরা। একের পর এক আক্রমণে মালমোর রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও এই সময়ে আর অতিথিদের প্রতিরোধ ভাঙতে পারেনি তারা।
পঞ্চদশ মিনিটে অল্পের জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচ। দুই মিনিট পর দি মারিয়ার পাস থেকে আবার সুযোগ আসে তার সামনে। এবার মালমোর গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি। ২০তম মিনিটে আবার ইব্রাহিমোভিচকে হতাশ করেনে ইয়োহান ভিল্যান্ড।
৩৩তম মিনিটে অল্পের জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি এই মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে যোগ দেওয়া দি মারিয়া। ৩৫তম মিনিটে ব্যর্থ হন ফন দার ভিল।
বিরতির পরও ঘুরে দাঁড়াতে পারেনি মালমো। আক্রমণাত্মক ফুটবলে ৪৬তম মিনিটেই ব্যবধান বাড়াতে পারত স্বাগতিকরা। দি মারিয়া সুবর্ণ সুযোগ তৈরি করে দেন কাভানিকে। কিন্তু এই স্ট্রাইকার বল বাইরে মেরে হতাশ করেন। ৫২তম মিনিটে দি মারিয়ার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন ভিল্যান্ড।
৬১তম মিনিটে আর পারেননি মালমোর গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে হেডে বল জালে জড়ান কাভানি। বল জালে পাঠাতে কেবল একটু ছোঁয়াই প্রয়োজন ছিল তার।
২-০ গোলে পিছিয়ে পড়ার পর পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে মালমো। ৭৯তম মিনিটে ব্যবধান কমানোর একটা সুযোগও তৈরি করে। কিন্তু কেভিন ট্রাপ সেবার দলকে রক্ষা করেন।
৮৪তম মিনিটে দি মারিয়ার জায়গায় মাঠে নামেন এসেকিয়েল লাভেস্সি। এরপর আক্রমণের গতি আরও বাড়ে পিএসজির। কিন্তু আর কোনো গোল পায়নি তারা।
গ্রুপের অন্য ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
