দল বদলের দাবিতে হকি খেলোয়াড়দের ক্যাম্প বর্জন
লম্বা সময় ধরে বন্ধ থাকা দল বদলের দাবি জানিয়ে এসএ গেমসের ক্যাম্প বর্জন করেছে জাতীয় হকি দলের খেলোয়াড়রা।
বাংলাদেশ হকি ফেডারেশনে রোববার খেলোয়াড়দের রিপোর্টিং করার কথা ছিল। এসএ গেমসের ক্যাম্পিং শুরু হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর। কিন্তু মিমো, খোরশেদরা ক্যাম্প বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
হকির বর্তমান কমিটির অধীনে কোনো আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল মোহামেডান, মেরিনার্স, ওয়ারি ও বাংলাদেশ স্পোর্টিং। এই জটিলতায় আটকে গেছে লিগের মতো দল বদলও। ফলে অনিশ্চয়তার ঘোরপাকে পড়ে গেছে জিমিদের ভবিষ্যৎ।
দলবদলের আটকে থাকা শিকে ছেঁড়ার আশায় ক্যাম্প বর্জনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা। নিজেদের দাবি-দাওয়া জানিয়ে সিলেকশন কমিটি ও ফেডারেশন বরাবর চিঠিও দিয়েছে তারা।
এ প্রসঙ্গে জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলবদল না থাকায় আমরা মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ কারণেই আমরা সবাই স্বাক্ষর করে সিলেকশন কমিটি ও ফেডারেশন বরাবর চিঠি দিয়ে আমাদের সিদ্ধান্তটা জানিয়েছি।”
ওই চিঠিতে দলবদল শুরুর নিশ্চয়তা পেলে ক্যাম্পে ফেরার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান গোপ। গোপের সুরে সুর মিলিয়েছেন ফরোয়ার্ড পুস্কর খীসা মিমো।
“যতদিন না আমাদের দলবদল হবে, ততদিন আমরা ক্যাম্পে ফিরব না। এটা হলেই আমরা ক্যাম্পে ফিরে আসব।”
জানুয়ারিতে ভারতে বসবে এসএ গেমসের এবারের আসর। এই আসরে জন্য বাংলাদেশের অন্যান্য ইভেন্টের দলগুলো এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। হকিরও শুরুর কথা ছিল কিন্তু দলবদল নিয়ে ফেডারেশনের ব্যর্থতার কারণেই খেলোয়াড়রা এবার বাধ্য হয়েই বর্জনের পথে হাঁটল।
