শরণার্থীদের প্রতি রোনালদো-বেলদের সংহতি
শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা রিয়াল মাদ্রিদ আগেই দিয়েছিল। এসপানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে শরণার্থীদের প্রতি সংহতি জানানোর বার্তা লেখা জার্সি পরেই খেলতে নামেন রোনালদো-বেলরা।
এসপানিওলের বিপক্ষে শনিবার রাতে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তার আগে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা নামেন ‘সলিডারিটি উইথ দ্যা রিফিউজিস’ বার্তা লেখা জার্সি পরে।
যুদ্ধের কারণে মাতৃভূমি ছাড়তে বাধ্য হওয়া শরণার্থীদের পাশে রিয়ালের মতো দাঁড়িয়েছে এসপানিওলও। দুঃসময়ের মধ্যে থাকা এই মানুষগুলোর পাশে থাকতে স্বাগতিক দলের খেলোয়াড়রাও একই বার্তা লেখা জার্সি পরে খেলতে নামেন।
এরই মধ্যে শরণার্থীদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের দশটি শিরোপা জেতা রিয়াল। স্পেনের ধনী ক্লাবটি সে দেশে আসা শরণার্থীদের জন্য ১০ লাখ ডলার দেওয়ার কথা জানায়।
