২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউলকে ছাড়িয়ে রোনালদো

লা লিগার আগের দুই ম্যাচে গোল না পাওয়ার ‘ক্ষতিটা’ এসপানিওলের বিপক্ষেই পুষিয়ে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গনসালেসকে ছাপিয়ে স্পেনেল শীর্ষ লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুটটি নিজের করে নিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 11:07 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

এসপানিওলের বিপক্ষে ম্যাচে ৫ বার লক্ষ্যভেদের পর রিয়ালের হয়ে রোনালদোর গোল হলো ২৩০টি। আর এর সুবাদেই স্পেনের সফলতম ক্লাবটির হয়ে লা লিগায় সর্বোচ্চ গোল করা রাউলকে পেছনে ফেলেন তিনি।

১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউতে ছিলেন রাউল। এ সময় লা লিগায় ২২৮ গোল করে ‘রিয়ালের রাউল’ বনে যান স্পেনের এই সাবেক ফরোয়ার্ড।

মাত্র ২০৩ ম্যাচেই এই চূড়ায় উঠলেন রোনালদো। ২২৮ গোল করতে রাউল ৫৫০টি লিগ ম্যাচ খেলেছিলেন।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব দেখালেন রোনালদো এবং দুইবারই রিয়ালের হয়ে। গত এপ্রিলেই গ্রেনাদার বিপক্ষে পাঁচ গোলেন রোনালদো। এর ফলে রিয়ালের হয়ে আরেকটি কীর্তিও গড়া হয়ে গেল বর্তমান ফিফা বর্ষ সেরার। রিয়ালের হয়ে দুই ম্যাচে পাঁচটি করে গোল করা প্রথম ফুটবলার হলেনও রোনালদো।

শনিবার এসপানিওলকে ৬-০ গোলে হারানো ম্যাচে রোনালদো সপ্তম মিনিটেই ব্যক্তিগত গোলের খাতা গোলেন। লুকা মদ্রিচের পাসে ডি বক্সের ভেতর থেকে বল জালে পাঠান পর্তুগালের এই তারকা।

এসপানিওলের আলভারো গনসালভেস ডি বক্সে গ্যারেথ বেলকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। সপ্তদশ মিনিটে সেই পেনাল্টি থেকেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো।

তিন মিনিট পর বেলের দারুণ ক্রসে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসান রোনালদো। এই তিন গোলে স্পেনের শীর্ষ লিগ লা লিগায় লিওনেল মেসির সর্বোচ্চ ২৪ হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করলেন সময়ের আরেক সেরা তারকা রোনালদো।

৬২তম মিনিটে বেলের কাছ থেকে বল পেয়ে নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো। এরপর ৮০তম মিনিটে নিজের পঞ্চম গোলটি পেয়ে যান রোনালদো। দ্বিতীয়ার্ধের বদলি লুকাস ভাসকুয়েসের পাস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান ফাঁকায় দাঁড়ানো এই উইঙ্গার।

রিয়ালের বড় জয়ে ২৯তম মিনিটে করিম বেনজেমার গোলেও অবদান রাখেন রোনালদো। শেষ দিকে ডাবল হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড; সে সুযোগটি নষ্ট হলেও অনেক প্রাপ্তি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।